বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার হট টপিক এখন যুবসাথী প্রকল্প (Yuva Sathi Scheme)। পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ বেকার ভাতা প্রকল্প থেকে কবে টাকা মিলবে তা নিয়েই কার্যত রাতের ঘুম উড়েছে আবেদনকারীদের। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে 1500 টাকা পেয়ে গিয়েছেন। তবে একটা বড় অংশের আবেদনকারীর অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে টাকা তো দূর বরং কোনও মেসেজও আসেনি। এবার তা নিয়ে মিলল বড় আপডেট।
মেসেজ না এলেও ঢুকছে টাকা
গত 7 মার্চ মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পহেলা এপ্রিল নয় বরং 7 তারিখ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন থেকেই সকলের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বেকার ভাতা। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই অপেক্ষা করেছিলেন আবেদনকারীরা। যদিও সূত্রের খবর, 7 তারিখেই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প থেকে টাকা পেয়েছেন বহু আবেদনকারী। তবে অনেকেরই অভিযোগ ছিল তাঁদের অ্যাকাউন্টে মেসেজটুকুও ঢুকছে না। কারও আবার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। কিন্তু টাকা ক্রেডিট হয়নি। এরই মাঝে বৃহস্পতিবার রাতে নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন শুক্রবারের মধ্যেই বাকিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রীর কথা মতোই গতকাল যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন অনেকেই। আজ অর্থাৎ শনিবারও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যুবসাথী প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাঁদের বেশির ভাগেরই দাবি, ফোনে ট্রেজারি থেকে টাকা ছাড়ার মেসেজ আসছে না কিন্তু 1500 টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসছে। এমন খবরের পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন একাংশের আবেদনকারী।
অবশ্যই পড়ুন:হবে রেল থেকে হাইওয়ে উন্নয়ন, বাংলায় ১৮,৬০০ কোটির প্রকল্পে সূচনা মোদীর
প্রসঙ্গত, বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে যাঁরা আবেদন করেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টেই ধাপে ধাপে পাঠানো হচ্ছে যুবসাথী প্রকল্পের টাকা। সেক্ষেত্রে 15 মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্পের অর্থ না ঢুকলেও পহেলা এপ্রিলের আগেই প্রত্যেক যোগ্য আবেদনকারী এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন বলেই জানাচ্ছেন সরকারি আধিকারিকরা।