সৌভিক মুখোপাধ্যায়, আলিপুরদুয়ার: এবার সহজেই যাওয়া যাবে আলিপুরদুয়ার থেকে অসম (Alipurduar-Assam Road)। আর বারবিশা ঘুরতে হবে না। নতুন রাস্তা তৈরি হলে মাত্র ২০ মিনিটেই অসমে পৌঁছে যাওয়া যাবে, এমনটাই দাবি করছে স্থানীয়রা। ইতিমধ্যেই তপসিখাতা এলাকায় সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এখন শুধুমাত্র কালজানি নদীর উপর একটি পাকা সেতুর অপেক্ষা।
কোথায় তৈরি হচ্ছে এই রাস্তা?
রিপোর্ট অনুযায়ী, নতুন এই সড়কটি তৈরি হচ্ছে আলিপুরদুয়ার জেলার ১ নম্বর ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আর এখান দিয়ে কালজানি নদী বয়ে গিয়েছে। বর্তমানে নদীটির উপর একটি অস্থায়ী বাসের সাঁকো রয়েছে। তবে বর্ষাকালে সেটি ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর উপর পাকা সেতু তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এমনকি এই অঞ্চল ভৌগোলিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ, একদিকে ৩১সি জাতীয় সড়ক রয়েছে, যা আলিপুরদুয়ার থেকে অসমের থেকে গিয়েছে। আর অন্যদিকে রয়েছে চার লেনের জাতীয় সড়ক ২৭। ফলে এই নতুন রাস্তা তৈরি হলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত এবং সহজ হবে।
আরও পড়ুন: মার্চে বেশিরভাগ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে? বিপদে পড়ার আগে দেখুন
কতটা সুবিধা পাওয়া যাবে?
জানিয়ে রাখি, বর্তমানে অসমে যেতে গেলে অনেক সময় বারবিশা হয়ে ঘুরপথে যেতে হত। তবে নতুন সড়ক চালু হলে যাতায়াতের সময় অনেকটাই কমবে আর স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে। এর ফলে পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। স্থানীয়দের মতে, রাস্তার কাজ প্রায় শেষের পথে। কিন্তু কালজানি নদীর উপর পাকা সেতু না হলে গোটা সুবিধা মিলবে না। উল্লেখ্য, এস.আর.ডি.এ এর আওতায় এই প্রকল্পটির কাজ চলছে। আর আলিপুরদুয়ার গরম নদীর পাড় থেকে কালজানি নদীর পাড় পর্যন্ত ইতিমধ্যেই পাকা রাস্তা তৈরি হয়েছে। পাশাপাশি প্রশাসন ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে সেতু নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।