সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের পুষ্টি আর নবজাতকের সুরক্ষা নিশ্চিত করার জন্য কেন্দ্র সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PM Matri Vandana Yojana)। কেন্দ্রের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হল মা এবং শিশুদের অপুষ্টি কমানো আর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা। সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ৫০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়।
কত টাকা পাওয়া যায়?
প্রথমেই জানিয়ে রাখি, এই প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয়। সেক্ষেত্রে প্রথম সন্তান যদি হয়, তাহলে ৫০০০ টাকা দেওয়া হয়। এক্ষেত্রে গর্ভাবস্থায় নথিভুক্তি করার পর এবং প্রসবের আগে পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে ৩০০০ টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয়। আর শিশুর জন্মের পর এবং নির্ধারিত টিকাকরণ সম্পন্ন হলে দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হয়। তবে যারা দ্বিতীয় কন্যা সন্তান জন্ম দেবে তাদের সরকার এককালীন ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। অর্থাৎ, কোনও মহিলার ক্ষেত্রে মোট আর্থিক সহায়তা ৬০০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত দাঁড়ায়।
কারা আবেদন করতে পারবে?
এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু শর্ত মানতে হয়। প্রথমত, আবেদনকারীকে কমপক্ষে ১৯ বছর বয়স হতে হবে। দ্বিতীয়ত, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না এবং তৃতীয়ত, শিশুর জন্মের ২৭০ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
আরও পড়ুন: আগামী ৩ মাস বাতিল একাধিক ট্রেন, রুট সংক্ষিপ্ত ৩০টি দূরপাল্লার! দেখুন তালিকা
কীভাবে আবেদন করবেন?
এই স্কিমে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য সরাসরি সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হয়। আর অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হয়। তবে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলি দরকার পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হল আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড অথবা আয়ের শংসাপত্র আর মা অথবা শিশুর সুরক্ষা কার্ড।