সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশে এখন কর্মজীবী মহিলাদের সংখ্যা অনেকটাই কম। আর সেই কারণে মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকে। সেই সূত্রে এবার মহিলাদের জন্য নতুন সুযোগ সামনে আনলো জীবন বিমা সংস্থা এলআইসি। আসলে তাদের পক্ষ থেকে চালু করা হয়েছে বিমা সখী যোজনা (LIC Bima Sakhi Yojana)। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়েই এলআইসি এজেন্ট গড়ে তোলা হয় এবং মাসে ৭০০০ টাকা আয়ের সুবিধা থাকে।
কী এই বিমা সখী প্রকল্প?
বলে রাখি, বিমা সখী মূলত এমন একটি প্রশিক্ষণভিত্তিক প্রকল্প, যেখানে নির্বাচিত মহিলাদের এলআইসি এজেন্ট হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণের সময় নির্দিষ্ট ভাতাও দেওয়া হয়। জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় প্রথম বছর প্রতি মাসে ৭০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। আর প্রশিক্ষণ শেষ হওয়ার পর মহিলারা পূর্ণ সময়ের জন্য এলআইসি এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারে। তাদের তখন কমিশনভিত্তিক বেতন দেওয়া হবে।
কারা আবেদন করতে পারে?
এই প্রকল্পে আবেদন করার জন্য সেরকম কোনও যোগ্যতা দরকার নেই। কিন্তু কিছু শর্ত পূরণ করলেই আবেদন করা যায়। প্রথমত, আবেদনকারীকে নূন্যতম দশম শ্রেণী পাস করতে হবে। দ্বিতীয়ত, ১৮ থেকে ৭০ বছরের মধ্যে বয়স হতে হবে। তৃতীয়ত, এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। কিন্তু যারা ইতিমধ্যে এলআইসির কর্মী বা এজেন্ট হিসেবে কাজ করছেন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন: যুদ্ধ থামছে মধ্যপ্রাচ্যের? ট্রাম্পের মন্তব্যে মিলল বড়সড় ইঙ্গিত
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে অনলাইন আর অফলাইন দুইভাবে আবেদন করা যায়। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী কোনও এলআইসি শাখা অফিসে গিয়ে সরাসরি আবেদন করে নেওয়া যায়। আর অনলাইনে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিমা সখী প্রকল্পের অপশনে ক্লিক করতে হয়। তারপর আবেদন ফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হয়। তবে আবেদনের সময় মাধ্যমিক সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপলোড করতে লাগে।