বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা, ইজরায়েলের হামলায় সর্বোচ্চ নেতাকে হারিয়ে একপ্রকার পাগল হয়ে গিয়েছে ইরান। ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা চালিয়েছে আমেরিকার একের পর এক সেনা ঘাঁটিতে। হামলা চলেছে ইজরায়েলেও। ইরানের মরণ কামড়ের হাত থেকে রেহাই পাচ্ছে না উপসাগরীয় দেশগুলোও। খামেনির দেশের রোষানলে পড়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, দোহা, কাতার, কুয়েতের মতো একাধিক দেশ। সবচেয়ে অবাক করা বিষয়, দুবাইতে আমেরিকার কোনও ঘাঁটি নেই, তাও UAE র গুরুত্বপূর্ণ শহরটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার জের চিন্তা বেড়েছে শহর কলকাতাতেও। কারণ বিগত বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে আটকে পড়েছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সঙ্গে রয়েছেন ছেলে ইউভানও। কবে ফিরবেন তাঁরা?

চিন্তায় শুভশ্রীর পরিবার

জানা গিয়েছে, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত শনিবার সেখানে পৌঁছন তিনি। কাকতালীয়ভাবে শনিবারই ইরানে হামলা চালায় ইজরায়েল। যার আঁচ এসে পড়ে দুবাইয়েও। পরিস্থিতি ক্রমাগত বেগতিক হওয়ায় হোটেল বন্দী হয়ে পড়েন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তাঁর শিশু সন্তান। আপাতত যা খবর, আরব দেশগুলিতে ইরান হামলা চালানো বন্ধ করলে, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই হয়তো ভারতে ফিরতে পারবেন শুভশ্রী। এদিকে, অভিনেত্রী দুবাইয়ে আটকে থাকায় চিন্তা বেড়েছে শুভশ্রীর পরিবারে। চিন্তিত অভিনেত্রীর বাবা-মা থেকে শুরু করে স্বামী রাজ চক্রবর্তীর সহ অন্যান্য আত্মীয়-স্বজনরাও। এ নিয়ে ইতিমধ্যেই শুভশ্রীর গঙ্গোপাধ্যায়ের বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মেয়ের সাথে মাঝেমধ্যেই কথা হচ্ছে তাঁর। দুজনেই ওখানে সুস্থ আছে। দুবাই থেকে কলকাতাগামী ফ্লাইট পরিষেবা ফের চালু হলেই শহরে ফিরবেন শুভশ্রী। অন্যদিকে শুভশ্রীর স্বামী ওরফে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, "ইরানের হামলায় দুবাইয়ে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখলে সেখানকার সরকার বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যদিও ওরা দুজন এখন নিরাপদে রয়েছে। তবে বাড়ির সকলেই খুব চিন্তায়।"
অবশ্যই পড়ুন:সহজ হবে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের যাতায়াত! উদ্বোধন হচ্ছে নতুন চার লেনের ফারাক্কা সেতু
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরব দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পরিষেবা চালু করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকেই আরব দেশগুলোতে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আর তারপরই ভারতের বিভিন্ন শহর থেকে প্রবাসে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।