সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: রাজ্যে গরমের দাপট ধীরে ধীরে বাড়ছে। সকাল থেকেই বাতাসের শীতের ছোঁয়া কার্যত উধাও বললেও চলে। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী, চলতি সপ্তাহে শীতের আমেজ সম্পূর্ণ বিদায় নেবে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আরও বাড়বে। তাহলে হোলিতে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?

কেন বাড়ছে তাপমাত্রা?

হাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এমনকি আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে। আর এই সমস্ত সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে দিনের পর দিন জলীয় বাষ্প বাড়ছে। পাশাপাশি ভোরের দিকে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে রোদের তেজ তীব্র হচ্ছে, যার গরমের অনুভূতি বাড়াচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ক্রমশ বাড়বে। বৃষ্টিপাতের কোনও রকম সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া শুষ্ক থাকবেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি গোটা সপ্তাহেই আবহাওয়া একই রকম থাকবে। আর আগামী তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনকি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হওয়া বইতে পারে। কিন্তু তরাই অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়াবারো! মার্চ মাসে লম্বা ছুটি, দেখুন নবান্নের হলিডে লিস্ট
প্রসঙ্গত, দোল উৎসবের দিন সকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান করছে হাওয়া অফিস। রোদের তেজও যথেষ্ট থাকবে। ফলে বাইরে বেরোলে গরমের প্রভাব অনুভব হবে। কিন্তু স্বস্তির বিষয় এই যে, রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা মোটামুটি ঠিক থাকবে।