সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: মার্চের মাঝামাঝি সময়েও বাংলার আবহাওয়ায় (Weather Update) দেখা যাচ্ছে খামখেয়ালিপনা। দক্ষিণবঙ্গের আকাশে সারা দিন মেঘের আনাগোনা থাকলেও বেশিরভাগ জায়গায় এখনো পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। হাওয়া অফিসের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হলে অনেক জেলায় পরিস্থিতি সীমাবদ্ধ ছিল মেঘলা আকাশের মাধ্যমে। কিন্তু আবহাওয়াবিদরা বলছে, এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী থাকবে না। আগামী বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশে দেখা যাচ্ছে মেঘের দাপট। তবে আবহাওয়া দফতরের মতে বুধবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এমনকি সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আর অন্যদিকে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। বিকালের দিকে হালকা ও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা বদল আসতে পারে। আর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে এবং শুষ্ক আবহাওয়া আবারও ফিরে আসবে। কিন্তু এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। কারণ, আগামী রবিবার বা সোমবার বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
আরও পড়ুন: ৪০ বছরে অবসর নিলেও মাসে হবে ৫০ হাজার টাকা আয়! জানুন ফর্মুলা

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প আর একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া খারাপ হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়তে পারে। এমনকি জেলাগুলির কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর মালদা এবং দুই দিনাজপুর জেলায় বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।