সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দীর্ঘদিনের উদ্বেগ কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস। দুবাইয়ে আটকে থাকার পর দেশে ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। শুক্রবার মুম্বাই হয়ে কলকাতায় পৌঁছেছেন তিনি এবং তাঁর ছেলে ইউভান চক্রবর্তী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে বেশ কয়েকদিন দুবাইতে আটকেছিলেন মা, ছেলে। কলকাতায় পৌঁছে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়।
হঠাৎ করে বাতিল হয়ে যায় বিমান
শুভশ্রী জানান, পরিকল্পনা অনুযায়ী আগেই কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে একাধিক আন্তর্জাতিক বিমান বাতিল হয়ে যাওয়ার কারণে তিনি এবং ইউভান দুবাইতে আটকে পড়েছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় পরিবারের সদস্যরাও চিন্তায় দিন কাটাচ্ছিলেন। অবশেষে শুক্রবার একটি বিমানে মুম্বাই হয়ে কলকাতায় ফিরতে হয় তাঁদের। মা ও ছেলের ফেরার অপেক্ষায় কলকাতা বিমানবন্দরে আগেই উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী এবং তাঁদের কন্যা ইয়ালিনী চক্রবর্তী। দীর্ঘদিন পর মাকে সামনে পেতেই বাবার কোলে থাকা ইয়ালিনী ছুটে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। আর পরিবারকে নিরাপদে ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন রাজও।
আরও পড়ুন: বকেয়া ডিএ থেকে বাদ পড়তে চলেছেন সরকারি কর্মীদের একাংশ! প্রকাশ্যে রিপোর্ট
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভশ্রী গাঙ্গুলী স্পষ্ট বলেন, কঠিন সময়ের মধ্যে ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে এখনই সেই অভিজ্ঞতা বিস্তারিতভাবে বলার মতো পরিস্থিতি নেই। এমনকি এর আগে জানা গিয়েছিল, স্ত্রী এবং সন্তানকে দ্রুত দেশে ফেরানোর জন্য বিভিন্ন স্তরে যোগাযোগ করেছিলেন রাজ। তিনি বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছেও বিষয়টি জানিয়েছিলেন। অবশেষে দেশে ফিরলেন তাঁর স্ত্রী ও ছেলে।