বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে পবিত্র রমজান মাস। আর এই বিশেষ সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রেশন নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Ration)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের তরফে জানানো হয়েছে, ইসলাম ধর্মালম্বীদের পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এবার রেশনে মিলবে বিশেষ প্যাকেজ। আর এই বিশেষ প্যাকেজের অধীনে মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত পাওয়া যাবে আটা থেকে শুরু করে চিনি, ছোলা সহ একাধিক খাদ্য সামগ্রী।

মুসলিমদের জন্য বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে আগামী মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের রেশন কার্ড হোল্ডারদের বিশেষ প্রকল্পের আওতায় একাধিক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। জানা গিয়েছে রাজ্য সরকারের অন্ত্যদয় অন্ন যোজনা বা AAY এবং বিশেষ অগ্রাধিকার গৃহস্থলী বা SPHH পরিবারগুলিকে ভর্তুকি হারে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হবে। রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগের হাত ধরে আগামী 19 মার্চ পর্যন্ত প্রতিটি পরিবার মাত্র 32 টাকায় 1 কেজি চিনি, 30 টাকায় 1 কেজি গমের আটা এবং 65 টাকা দিয়ে এক কেজি ছোলা কিনতে পারবেন। হ্যাঁ, প্রতিটি খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে ভর্তুকি মূল্যে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে হঠাৎ কেন এমন পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের? এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ সূত্রে খবর, পবিত্র রমজান মাস চলাকালীন খাদ্য দ্রব্যের চাহিদা অনেকটাই বেড়ে যায়। তাছাড়াও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার গুলি যাতে সঠিক সময়ে ন্যায্য মূল্যে খাওয়ার পান সেই উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
অবশ্যই পড়ুন:পেনশন নিয়ে বিরাট সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিবৃতি জারি করে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের যোগ্য রেশন কার্ডধারীরা যাতে ঠিকমতো ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে ডিলারদের। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই বহু পরিবার অনুমোদিত খাদ্য সামগ্রী পেতে শুরু করেছেন।