বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা বোধহয় ভাল যাবে না কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। এমন আশঙ্কাই কুরে কুরে খাচ্ছে নাইট ভক্তদের। আর আশঙ্কা হবে নাই বা কেন, IPL শুরুর আগে যেভাবে একের পর এক খেলোয়াড়ের চোট নিয়ে ধাক্কা খাচ্ছে শাহরুখ খানের দল, তাতে চিন্তা তো হওয়ারই কথা। সম্প্রতি চোটের কারণে গোটা IPL থেকেই ছিটকে গিয়েছিলেন ভারতীয় তারকা হর্ষিত রানা। এবার একই কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন বাংলার তারকা পেসার আকাশদীপ। তাতে KKR এর মাথায় কার্যত বাজ পড়েছে!
কী হয়েছে আকাশদীপের?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। সেই মতোই পুরোদমে প্রস্তুতি সারছে KKR। ঠিক সেই মুহূর্তে উড়ে এলো খারাপ খবর। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, চোট পেয়েছেন ভারতীয় তারকা আকাশদীপ। যার কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে খেলা হচ্ছে না তাঁর। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কোথায় খেলতে গিয়ে বা কীভাবে চোট পেলেন আকাশ? নাইট তারকার চোট কতটা গুরুতর কিংবা তিনি কীভাবে চোট পেয়েছেন সেই সংক্রান্ত কিছুই জানা যায়নি। দল কলকাতা নাইট রাইডার্সও এই ভারতীয় ক্রিকেটারের চোট নিয়ে কোনও তথ্য দেয়নি। তবে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও আকাশ চোট পেয়ে ছিটকে যাওয়ায় মন ভেঙেছে নাইট ভক্তদের।
অবশ্যই পড়ুন:LPG সঙ্কটে ট্রেনে আর মিলবে না কোনও খাবার? বড় নির্দেশ IRCTC র
প্রসঙ্গত, প্রথমে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে হারিয়েছিল কলকাতা। এরপর হর্ষিত রানার চোট এবং সেখান থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও ছিটকে যাওয়া কলকাতাকে বড় ধাক্কা দিয়েছিল। এর মাঝে 18 কোটির পেসার মাথিশা পাথিরানা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে জোরালো চোট পান। যদিও ইতিমধ্যেই ফিট হয়ে উঠেছেন তিনি। তবে আকাশের চোট KKR কে সবচেয়ে বড় ধাক্কাটা দিল।