সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনা সত্যি হচ্ছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই চালু হতে পারে পেইড সাবস্ক্রিপশন (WhatsApp Paid Subscription) পরিষেবা। অর্থাৎ, ভবিষ্যতে কিছু বিশেষ ফিচার্স ব্যবহার করতে হলে আলাদা করে টাকা খরচ করতে হবে। কিন্তু স্বস্তির খবর এই যে, হোয়াটসঅ্যাপের ফ্রি সংস্করণ আগের মতোই চালু থাকবে। যারা সাবস্ক্রিপশন নেবেন না, তারা আগের মতোই দৈনন্দিন চ্যাট, কল বা মেসেজিং করতে পারবে।
কী থাকতে পারে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা এবার একাধিক এক্সক্লুসিভ সুবিধা পাবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল তিনটির বেশি চ্যাট পিন করে রাখার সুবিধা, অ্যাপ আইকন কাস্টমাইজ করার অপশন, নতুন এবং এক্সক্লুসিভ চ্যাট রিংটোন, বিশেষ স্টিকার প্যাক এবং আলাদা অ্যাপের থিম। অর্থাৎ, যারা অ্যাপটিকে নিজের মতো ভাবে সাজাতে চান বা অতিরিক্ত কাস্টমাইজেশন চান, তারা এই প্রিমিয়াম পরিষেবাগুলি নিতে পারবে। বেশ কয়েকটি খবর অনুযায়ী, একটি ওয়েটলিস্ট সিস্টেমের মাধ্যমে এই পরিষেবা চালু করবে হোয়াটসঅ্যাপ। আর এতে আগ্রহী ব্যবহারকারীরা আগে থেকে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে এবং প্রাথমিক পর্যায়ে পরিষেবা ব্যবহারের সুযোগ পেতে পারবে। কিন্তু গোটা পরিকল্পনা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। মেটার তরফ থেকে ঘোষণা হলে তবেই স্পষ্ট হবে যে কোন কোন ফিচার্স থাকবে আর কত টাকা লাগবে। বলাই বাহুল্য, হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা ইতিমধ্যেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিভিন্ন পেইড ফিচার্স চালু করেছে। আর সেই পথেই হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম পরিষেবা আনার পরিকল্পনা করছে। কিন্তু সংস্থার পক্ষ থেকে জোর দিয়ে জানানো হয়েছে যে, এই সাবস্ক্রিপশন সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ বাধ্যতামূলকভাবে এই সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই। কেউ চাইলে টাকা খরচ করতে পারবে, না চাইলে আগের মতোই বিনামূল্যে পরিষেবা পাবে।
আরও পড়ুন: দুই বা তার বেশি সন্তান জন্মালেই মিলবে ২৫,০০০ টাকা! বড় ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের
চালু হয়েছে সিম বাইন্ডিং নিয়ম
উল্লেখ্য, ইতিমধ্যেই ২৮ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ সিম বাইন্ডিং ব্যবস্থা চালু করেছে। অর্থাৎ, যে মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট চালানো হচ্ছে, সেই সিমটি ফোনে সক্রিয় থাকতে হবে। আর কোনও নম্বর ৯০ দিনের বেশি বন্ধ থাকলে তা দিয়ে আর কোনও ভাবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। পাশাপাশি ওয়েব ভার্সনেও এসেছে পরিবর্তন। এবার প্রতি ছয় ঘন্টা অন্তর ওয়েবে নতুন করে লগইন করতে হবে। বিশেষ করে জালিয়াতি রোধ করার জন্যই এই পদক্ষেপ।