সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সপ্তাহের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় বিরাট পরিবর্তনের (Weather Update) ইঙ্গিত দিল হাওয়া অফিস। সোমবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর জম্মু ও মধ্য পাকিস্তান এলাকাতেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমে ঝঞ্ঝা। সবকিছুর সম্মিলিত প্রভাবে আবহাওয়ার পরিবর্তন।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি হতে পারে। যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলি। এমনকি মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর এবং কলকাতাতেও বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির প্রবণতা বুধবার পর্যন্ত চলতে পারে। এছাড়া সোমবার দুপুরের পর থেকে রাতের মধ্যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি আর বাঁকুড়ার বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সোমবার ও মঙ্গলবার তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন: যুবসাথীর টাকা ঢোকা শুরু হল, আপনি না পেলে কী করবেন?

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে কলকাতা আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর মঙ্গলবার এবং বুধবার এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন রাজ্যের ন্যূনতম তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন সম্ভাবনা নেই। তাপমাত্রা আগামী কয়েকদিন স্থির থাকতে পারে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তেও পারে।