সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: গত কয়েকদিন ধরেই রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি হয়নি। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি। কলকাতায় তুলনামূলকভাবে সেরকম বৃষ্টি না হলেও আকাশে মেঘের আনাগোনা স্পষ্ট। সাথে আর্দ্রতা ও গরমের অস্বস্তিও টের পেয়েছে শহরবাসী। এমনকি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update)? জানুন বিশদে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে। আর বিকেল বা সন্ধ্যার দিকে শহরের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ এর দেখা মিলতে পারে। তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও কম। তাপমাত্রার হেরফের খুব একটা লক্ষ্য করা যায়নি।
আরও পড়ুন: অনলাইন পেমেন্টে এই ভুল করলেই সর্বনাশ! নিমেষেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলির বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি বেশ কিছু জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।