সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: আধার কার্ডের মতো প্যান কার্ডও (Pan Card) আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আয়কর জমা দেওয়া থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা বড় যে কোনও আর্থিক লেনদেন, সমস্ত ক্ষেত্রেই এই প্যান কার্ড বাধ্যতামূলক। তবে আপনি যদি নতুন প্যান কার্ড তৈরি করার পরিকল্পনা করেন বা পুরনো প্যান কার্ড সংশোধন করতে চান, তাহলে আগেরভাগেই সাবধান। কারণ, আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে বদল আনছে কেন্দ্র সরকার। এমনকি কিছু কিছু ব্যক্তির প্যান কার্ড বন্ধ হয়ে যাবে।
বাধ্যতামূলক অতিরিক্ত নথি
এতদিন যাবৎ, প্যান কার্ডের আবেদনের জন্য শুধুমাত্র আধার কার্ড থাকলেই হত। আর অন্য কোনও ডকুমেন্ট দরকার হত না। তবে ১ এপ্রিল থেকে এই নিয়মে আসছে বিরাট পরিবর্তন। এখন থেকে প্যান কার্ডের আবেদনের জন্য আধারের পাশাপাশি যে কোনও একটি ডকুমেন্ট জমা দিতে হবে। যেমন বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য কোনও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
এই ভুল করলেই বাতিল হবে আবেদন
১ এপ্রিল থেকে চালু হওয়া নতুন নিয়মে প্যান কার্ডে দেওয়া নাম আর আধার কার্ডের তথ্য সঙ্গে অবশ্যই মিল হতে হবে। যদি নামের বানানে কোনও ভুল থাকে বা তথ্য অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আপনার প্যান কার্ড সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। তাই আবেদনের আগে আধার কার্ডের সঙ্গে তথ্য যাচাই করে নেওয়া জরুরী। এমনকি যদি আপনার বিদ্যমান প্যান কার্ড থাকে, এবং তার সঙ্গে আধার লিঙ্ক করা না থাকে বা আধারের সঙ্গে কোনও তথ্য গরমিল থাকে, তাহলেও সেই প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে।
আরও পড়ুন: Zomato-র পর চার্জ বাড়াল Swiggy, খাবার অর্ডার করতে লাগবে বেশি টাকা
এদিকে প্যান কার্ড আবেদনের পুরনো ফর্মও বদলে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে যারা নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করবেন বা তথ্য আপডেট করবেন, তাদের জন্য নতুন ফর্ম আনা হচ্ছে। পুরনো ফর্মে আবেদন করলে সেই ফর্ম আর গ্রহণ করা হবে না। ডিজিটাল এবং অফলাইন দুইভাবে আবেদন করা যাবে। তাই আগেভাগেই এই নিয়ম সম্পর্কে সতর্ক হোন এবং তারপর প্যান কার্ডে আবেদন করুন।