সৌভিক মুখার্জী, কলকাতা: দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারের খরচ এবার অনেকটাই বাড়তে পারে (Internet Price Hike)। হ্যাঁ সম্প্রতি এমনিতে ইঙ্গিত মিলছে একাধিক প্রস্তাব ঘিরে। মোবাইল ডেটার উপর এবার প্রতি ১ জিবিতে ১ টাকা করে কর বসানোর পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র সরকার। যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। কিন্তু চলতি বছরেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর যদি এই নিয়ম কার্যকর হয়, তাহলে এবার মাসিক খরচ অনেকটাই ঊর্ধ্বগতিতে ঠেকবে।
প্রতি জিবি ডেটায় এবার ১ টাকা করে কর
সরকারি সূত্র অনুযায়ী খবর, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মোবাইল ডেটার উপর প্রতি জিবিতে এবার ১ টাকা করে কর বসানো হবে। আর এতে টেলিকম সেক্টরের আয় অনেকটাই বাড়বে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি ডেটার অতিরিক্ত বা নেতিবাচক ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। তবে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে DoT-কে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিকম সেক্টর নিয়ে একটি বৈঠক করেছিলেন। আর সেই বৈঠকে এই কর আরোপের বিষয়টি সামনে আসে। বলার বিষয়, বিশ্বের মধ্যে মোবাইল ডেটা ব্যবহারকারীর তালিকায় এখন শীর্ষস্থানে রয়েছে ভারত। আর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৮০ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী মোট ২২৯ বিলিয়ন জিবি ডেটা ব্যবহার করেছে। আর এই বিপুল পরিমাণ ডেটা ব্যবহারের উপর সরাসরি কোনও রকম কর নেই। সরকার মূলত স্পেক্ট্রাম নিলাম আর লাইসেন্স থেকেই আয় করে থাকে। সেই পরিস্থিতিতে ডেটার উপর পর বসলে সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: উল্টে যাবে সব খেলা! মহেন্দ্র সিং ধোনিকে প্রার্থী করছে বিজেপি?
সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়বে?
তবে এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষের প্রতি মাসে রিচার্জের খরচ যে অনেকটাই বাড়বে তা আশাবাদী ওয়াকিবহাল মহল। কারণ, যদি কেউ দিনে ২ জিবি ডেটা ব্যবহার করে, তাহলে মাসে ৬০ জিবি অর্থাৎ অতিরিক্ত আরও ৬০ টাকা করে তাঁকে খরচ করতে হবে। মোদ্দা কথা, যারা এতদিন ২৯৯ টাকার প্ল্যান ব্যবহার করতেন, তাদেরকে এবার ৩৬০ টাকা দিয়ে রিচার্জ প্ল্যান কিনতে হবে। আর এর সঙ্গে থাকবে আরও অতিরিক্ত ১৮% জিএসটি। ফলে মাসিক খরচ যে অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।