সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বসন্তের আমেজ কার্যত উধাও বললেই চলে। রাজ্যজুড়ে চলছে রোদ আর বৃষ্টির কাটাছেঁড়া। কখনো মেঘলা আকাশ আবার কখনো আর্দ্রতাজনিত অস্থিরতার জেড়ে কার্যত নাজেহাল গোটা বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কমলেও ভ্যাঁপসা গরমে অস্বস্তি বাড়বে। কিন্তু এই গুমোট ভাব বেশি দিন স্থায়ী হবে না। সপ্তাহের শেষেই আবার নামছে কালবৈশাখী (Weather Update)।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার। তাপমাত্রা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে আদ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। আর বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পে থাকার কারণে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঘাম ঝরানো গরম টের পাচ্ছে সকালে। হাওয়া অফিস বলছে, আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শুক্রবার থেকে ছবি সম্পূর্ণ বদলে যাবে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বড়সড় দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে নামবে বৃষ্টি! আবহাওয়ার নতুন আপডেট

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের অবস্থা আজ বেশ উদ্বেগজনক। কারণ হিমালয় সংলগ্ন জেলাগুলোতে টানা বৃষ্টিতে জনজীবন একেবারে বিপর্যস্ত। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও শুক্রবার থেকে আবার দুর্যোগ বাড়বে। অন্যদিকে শুক্রবার উত্তরের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।