সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হল আধার কার্ড (Aadhaar Card)। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং বা স্কুলে ভর্তি, মোবাইল সিম বা যে কোনও অনলাইন পরিষেবা, প্রায় সব জায়গায় পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। তাই আধারের তথ্য সঠিক থাকা জরুরী। তবে এবার আধার ব্যবহারকারীদের জন্যই বিরাট সুবিধা নিয়ে আসলো ইউআইডিএআই। নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে তাদের পক্ষ থেকে, যার মাধ্যমে বাড়িতে বসেই খুব সহজে আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করা যাবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক কেন দরকার?
বলে রাখি, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে বহু পরিষেবা এক নিমেষের মধ্যেই পাওয়া যায়। এর প্রধান কারণ হল ওটিপির মাধ্যমে দ্রুত পরিচয় যাচাই করা যায় এবং বিভিন্ন সরকারি পোর্টালে লগইন করা আরও সহজ হয়। এছাড়া ডিজিটাল সিগনেচার বা ইকেওয়াইসি দ্রুত সম্পন্ন হয়। কিন্তু আগে যাদের আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত ছিল না, তাদের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা ছিল। কারণ, মোবাইল নম্বর যোগ বা পরিবর্তন করতে চাইলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হতো। কিন্তু এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। এবার চালু করা হয়েছে নতুন Aadhaar অ্যাপ, যেখানে ঘরে বসেই আধারের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করা যাবে।
কীভাবে মোবাইল নম্বর আপডেট করবেন?
Aadhaar অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
- প্রথমে নিজের ফোনের প্লে-স্টোর থেকে Aadhaar অ্যাপটিকে ডাউনলোড করুন।
- এরপর অ্যাপ খুলে নিজের আধার নম্বর দিয়ে লগইন করুন।
- তবে লগইন করার সময় ফেস আইডি অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন।
- এরপর হোমপেজে গিয়ে সার্ভিস অপশনটিতে ক্লিক করুন।
- সেখানে মোবাইল নম্বর আপডেট অপশনটিকে বেছে নিন।
তারপর নির্ধারিত ৭৫ টাকা ফি দিয়ে নতুন নম্বর আপডেট করে ফেলুন।
আরও পড়ুন: যুবসাথী নিয়ে বিরাট নির্দেশ মমতার!
বলে রাখি, ইউআইডিআই-এর তথ্য অনুযায়ী আবেদন করার পর সাধারণত ৩০ দিনের মধ্যেই নতুন মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর আপডেট সম্পন্ন হলে নতুন নম্বরে একটি মেসেজ পাঠানো হবে। পাশাপাশি মোবাইল নম্বর আপডেট হলে আধার ব্যবহার করা আরও সহজ হবে। কারণ, তখন ওটিপিভিত্তিক অথেন্টিকেশন ব্যবহার করতে পারবেন।