বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসর নেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav Retirement)? ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালের আগে এমন প্রশ্নই উঠছিল নানা মহলে। ইতিমধ্যেই শেষ হয়েছে ফাইনাল। রবির রাতে জগৎসভায় নিজেদের শ্রেষ্ঠ আসন ধরে রেখেছে ভারতীয় দল। তাহলে কি এবার অবসরের পথে হাঁটবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে নিজেই জানালেন সে কথা।

অবসর নিচ্ছেন সূর্যকুমার যাদব?

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার পর তৃতীয় অধিনায়ক হিসেবে ভারতীয় দলের ঝুলিতে নতুন টি-টোয়েন্টি বিশ্বকাপ রাখলেন সূর্যকুমার। এক কথায়, একটানা দ্বিতীয়বার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়টা এলো স্কাইয়ের হাত ধরেই। আর সেই জয়ের পর সূর্য খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন নিজের পরবর্তী পরিকল্পনার কথা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পরই ক্যামেরার মুখোমুখি হয়ে সমস্ত কৌতূহলের অবসান ঘটালেন ভারতীয় অধিনায়ক। এদিন দলকে চ্যাম্পিয়ন করার পরই বছর 35 এর সূর্য জানান, "আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে গোল্ড মেডেল জেতা। সে বছর কিন্তু আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেটাও মনে রাখতে হবে।" ভারতীয় তারকা এদিন খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, বিরাট সাফল্যের পর নিজেকে থামিয়ে রাখবেন না তিনি। বরং আগামীতে ভারতীয় দলকে আরও সাফল্য পাইয়ে দেওয়াই লক্ষ্য তাঁর।
অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি, উত্তরবঙ্গেও পড়বে প্রভাব! আজকের আবহাওয়া
ভারতের অধিনায়ক সূর্য বললেন, এত তাড়াতাড়ি তিনি কোথাও যাচ্ছেন না। এদিন ভারতীয় দলের তৃতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে নিজের অনুভূতি ভাগ করে নেন স্কাই। সূর্য বলেন, "এই জয়ের অনুভূতি পুরোপুরি বুঝে উঠতে একটু সময় প্রয়োজন। আমরা তো সবেমাত্র মাঠ থেকে বেরিয়েছি। তবে নিজের দেশে খেলার অভিজ্ঞতাটা দারুণ ছিল। সত্যিই অসাধারণ যাত্রা ছিল এটা। আগামীকাল ঘুম থেকে উঠে যখন বাড়ি ফিরব তখন এই অনুভূতিটা আরও বিশেষ হবে।" ভারতীয় অধিনায়কের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা গিয়েছে, টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করতে পেরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।