সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বসন্তের আবহে বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। সপ্তাহন্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আবহাওয়া (Weather Update) পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যার ফলে কয়েক দিন গরমের মাঝে কিছুটা স্বস্তি মিলতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী এক-দু’দিনের মধ্যেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আকাশে মেঘের আনাগোনা ধীরে ধীরে বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে পারে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। বিশেষ করে ওই সময় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া ইত্যাদি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলেই খবর। অন্যদিকে কলকাতায় ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এখন ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এমনকি শুধুমাত্র গরমই নয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও যথেষ্ট বেশি। আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।
আরও পড়ুন: ৬ কিস্তিতে মেটানো হবে বকেয়া! এক ধাক্কায় ৩ শতাংশ ডিএ বাড়াল রাজ্য সরকার
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়াবিদরা বলছে, রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই সমস্ত জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। তবে দার্জিলিংয়ে মেঘলা পরিবেশের মধ্যে আবার মাঝে মাঝে রোদের দেখা মিলছে। পাহাড়ে এখনো পর্যন্ত ঠান্ডা রয়েছে। তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘুরছে। আর কালিম্পং-এ মেঘলা আকাশের পাশাপাশি কুয়াশায় ঢেকে যেতে পারে কাঞ্চনজঙ্ঘা। সেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘুরবে।