বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট তো বটেই তবে ফুটবলের প্রতিও আলাদাভাবে একটা টান আছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। সে কথা কমবেশি জানেন ভক্তরা। ছেলেবেলা থেকেই জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক মহারাজ। এবার সেই প্রিয় দলের কাছ থেকেই বিশেষ সম্মান পেতে চলেছেন দাদা। সম্প্রতি ক্যামেরার মুখোমুখি হয়ে সে কথা নিজেই জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে, আগামী 15 মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের ম্যাচের দিনই তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করতে পারে ক্লাব কর্তৃপক্ষ।

ম্যাচের দিন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সৌরভ

এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে 51 পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সমসংখক পয়েন্টে চার নম্বরে রয়েছে অ্যাস্টন ভিলা। এই দলের বিপক্ষেই আগামী 15 তারিখ ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার। শোনা যাচ্ছে, এই ম্যাচের দিনই স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি। শুধু তাই নয়, এদিনই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষের তরফে সৌরভকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে দাদার নিজে জানিয়েছেন, এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল বলে ব্যস্ততার কারণে যেতে পারেননি তিনি। ম্যানচেস্টারের তরফে অনেক আগে থেকেই তাঁকে নাকি বিশেষ সম্মান দেওয়ার জন্য ডাকা হচ্ছিল। তবে এবার তেমন চাপ নেই। সেই ফাঁকেই লন্ডনে গিয়ে ম্যানচেস্টারের ম্যাচ উপভোগ করার পাশাপাশি বিশেষ সম্মান গ্রহণ করবেন মহারাজ। সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবারই ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। শহরে ফিরবেন আগামী 20 তারিখ।
অবশ্যই পড়ুন:খড়গপুর-সাঁতরাগাছি লাইনে আর লেট হবে না ট্রেন, ২৯০৫ কোটির রেল প্রকল্পের অনুমোদন
উল্লেখ্য, বাবা ম্যানচেস্টারের ভক্ত হলেও মেয়ে সানা গঙ্গোপাধ্যায় চেলসির সমর্থক। মাঝেমধ্যেই এই দলের হয়ে চেয়ার আপ করতে দেখা যায় তাঁকে। তবে সূত্রের খবর, ম্যানচেস্টারের ম্যাচের দিন বাবা সৌরভের সাথে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন সানাও।