বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই কঠিন সত্য, ভাল নেই ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিংয়ের বাবা (Rinku Singh Father Health Condition)। জিম্বাবুয়ে ম্যাচের আগে আচমকা দল ছেড়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। পরে জানা যায় বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও গতকাল অর্থাৎ বুধবারই চেন্নাইয়ে ভারতীয় শিবিরে যোগ দেন রিঙ্কু। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারের বাবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি হাসপাতালের তরফে এমন আপডেট মিলেছে।
ভাল নেই রিঙ্কু সিংয়ের বাবা
গত এক বছর ধরে মারণরোগ ক্যান্সারের সাথে লড়াই করছেন ভারতীয় ক্রিকেটারের বাবা খানচন্দ্র সিং। গতবছর প্রথমবারের মতো তাঁর শরীরে ধরা দেয় ক্যান্সার। এরপর থেকে দৌড়াদৌড়ি কম হয়নি। শেষ পর্যন্ত বিশ্বকাপের মাঝে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বর্তমানে গ্রেটার নয়ডার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিবার সূত্রে খবর, রিঙ্কুর বাবা এই মুহূর্তে স্টেজ 4 এর লিভার ক্যান্সারে আক্রান্ত। যকৃতে কর্কট রোগ হওয়ায় ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খানচন্দ্র সিংকে ইতিমধ্যেই ক্রিটিকাল কেয়ার ইউনিটে মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সেখানেই প্রতিনিয়ত তাঁকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও নাকি অবস্থা ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠছে। হাসপাতালের তরফে পাওয়া শেষ আপডেট অনুযায়ী, বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রিঙ্কুর জন্মদাতা। যদিও চিকিৎসকদের দাবি, ভারতীয় ক্রিকেটারের বাবাকে যাতে দ্রুত সুস্থ করে তোলা যায় সেই চেষ্টাই করছেন তাঁরা।
অবশ্যই পড়ুন:নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি! আবহাওয়ার আপডেট
উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে বিশেষ কিছুই করে দেখাতে পারেননি রিঙ্কু। জিম্বাবুয়ের বিরুদ্ধে আজকের ম্যাচে জায়গা পেলেও বাবার শারীরের এমন অবস্থার মধ্যে আদৌ তিনি মাঠে নিজেকে সামলাতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন ভক্তদের। তাছাড়াও বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ। সেই আসরে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা তিনি। ঠিক তার আগে, নিজের বাবার এমন অবস্থা একজন সন্তানকে কতটা কষ্ট দেয় সে কথা বোধ হয় বুঝতে পারছেন শুধুই রিঙ্কু।