সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা: সম্প্রতি অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীর মোবাইলে কেওয়াইসি (Bank KYC) আপডেট করার মেসেজ আসছে। যদি আপনার কাছেও এরকম কোনও মেসেজ আসে, তাহলে তাড়াহুড়ো করার আগে অবশ্যই সতর্ক থাকুন। কারণ, প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এবার বিশেষ সতর্কবার্তা জারি করেছে। আরবিআই জানিয়েছে, এখন কেওয়াইসি আপডেট করার প্রক্রিয়া অনেক সহজ। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে বসেই অনলাইনে কাজ সেরে ফেলা যাবে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সাইবার জালিয়াতি সক্রিয় হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, আপনার নাম কিংবা জন্ম তারিখে যদি কোনও পরিবর্তন না হয়ে থাকে, অথবা শুধুমাত্র ঠিকানায় পরিবর্তন হয়ে থাকে, তাহলে আর ফর্ম পূরণ করার কোনও প্রয়োজন নেই। সেক্ষেত্রে একটি সেলফ ডিক্লিয়ারেশন জমা দিলেই হবে। আর এটি নেট ব্যাঙ্কিং বা ব্যাঙ্কের অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমেই করা যায়।
কেওয়াইসি আপডেটের তিনটি সহজ উপায়
যদি তথ্যের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন থাকে, তাহলে আপনি নিচের পদ্ধতিগুলোর মধ্যে যে কোনও একটি পদ্ধতিতে কেওয়াইসি আপডেট করতে পারবেন।
- প্রথমে রয়েছে আধার ওটিপি ভিত্তিক কেওয়াইসি। এক্ষেত্রে আধার নম্বর এবং ওটিপি ব্যবহার করে খুব সহজে তথ্য যাচাই করা যায়।
- দ্বিতীয়ত রয়েছে ভিডিও কেওয়াইসি। এক্ষেত্রে ব্যাঙ্ক অফিসারের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে কেওয়াইসি করা যায়।
- আর তৃতীয়ত রয়েছে সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে কেওয়াইসি। যদি অনলাইনে সন্দেহ কিংবা বিভ্রান্তি থাকে, তাহলে নিকটবর্তী শাখায় গিয়ে সরাসরি কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন।
আরও পড়ুন: মাসে ৩৫০০ টাকা জমিয়েই লক্ষ্মীলাভ! দারুণ রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম
তবে এক্ষেত্রে বলে রাখি, গোটা প্রক্রিয়া অবশ্যই ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট মাধ্যমে করতে হয়। কোনও থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন না, এবং আধার বা ওটিপি তথ্য শেয়ার করবেন না। পাশাপাশি কখনোই পিন বা পাসওয়ার্ড কাউকে জানাবেন না। আর অজানা নম্বর বা লিংক থেকে কোনও লিঙ্ক আসলে ব্লক করে দেওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র অফিসিয়াল সোর্স ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে।