সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: রাজ্যে আবহাওয়া দলের ইঙ্গিত। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব পড়তে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তালিকায় রয়েছে বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা। এই জেলাগুলোর কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আর কোথাও কোথাও দমকা হওয়ার গতি ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে দাবি করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাসে। এমনকি বজ্রপাতের আশঙ্কা থাকার কারণে কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর হুগলি এবং আশেপাশের এলাকাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দিনের শেষভাগে শহরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত খুব একটা বেশি হবে না বলেই জানা যাচ্ছে। আর সোমবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। এদিকে আর্দ্রতার মাত্রা দিনের বিভিন্ন সময়ে ৪৭ শতাংশ থেকে ৮৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আর গত ২৪ ঘণ্টায় শহরে প্রায় ০.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আরও পড়ুন: ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট বাংলায়, কোনদিন কোন কোন জেলায়? জেনে নিন
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
প্রসঙ্গত, শুধু দক্ষিণবঙ্গ নয়, বরং উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্ন বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।