সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: শনিবার থেকেই আকাশে দেখা যাচ্ছে কালো মেঘ (Weather Update)। আর তার প্রভাব পড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও ঝেঁপে বৃষ্টি, কোথাও কোথাও হালকা বা ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে বিভিন্ন এলাকা। হাওয়া অফিস বলছে, রবিবারও একই পরিস্থিতি বজায় থাকবে। আর সকালের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকবে। ফলে যে কোনও সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর, একাধিক ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর জেরে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি আসন্ন কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ এবং ১০ মার্চ দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বুধবারের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এমনকি ১২ থেকে ১৫ মার্চ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: রবিবার বাড়ি থেকে বেরোলেই পড়বেন সমস্যায়! হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল একগাদা ট্রেন

উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস

এদিকে হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এরকম আবহাওয়া আগামী ১৫ মার্চ পর্যন্ত বজায় থাকতে পারে।