সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দোলের দিন আবহাওয়া নিয়ে বিরাট স্বস্তির খবর। আজ, বুধবার দক্ষিণবঙ্গে কোনও জায়গায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আর আকাশ থাকবে পরিস্কার এবং ঝলমলে আবহাওয়া। পাশাপাশি গরমের দাপট আরকে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু আজ উষ্ণতার ছোঁয়া থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে বলে খবর। অন্যদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানুন আবহাওয়ার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আর আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আর শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেও চলে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আর সোমবার দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলীতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় আজ সকাল থেকেই আকাশ রৌদ্রজ্জ্বল এবং পরিষ্কার। শীতের আমেজ আর নেই বললেই চলে। দিনের বেলায় উষ্ণতার অনুভূতিও স্পষ্ট। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। তবে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আর বাতাসে আজ আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৬% থেকে ৮২%। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ ৩২ থেকে ৩৪ এর মধ্যে ঘোরাফেরা করবে। এমনকি আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন: ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস সুবিধা, স্বাস্থ্য প্রকল্প নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিসের দেওয়া রিপোর্ট অনুযায়ী, আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আবার রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।