সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দক্ষিণবঙ্গে শেষ বৃষ্টির পর্ব। ধীরে ধীরে শুরু হয়েছে শুকনো আর উষ্ণ আবহাওয়া। কিন্তু উত্তরবঙ্গের এখনও পর্যন্ত কিছু জেলায় বৃষ্টির ভ্রূকুটি বজায় রয়েছে। আজ সারাদিন কেমন থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)? উত্তরবঙ্গের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দক্ষিণবঙ্গের পারদ কি আরও চড়বে? জানুন বিস্তারিত।

দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কাটতেই পশ্চিমের জেলাগুলোতে পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে আজ। হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহের মধ্যে পারদ ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। যদিও দিনের বেলা গরমের অস্বস্তি বাড়ছে, কিন্তু ভোরবেলা আবার শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে বেশ কয়েকটি জেলায়। আর আগামী দু’দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু তারপর থেকে রাজ্যের অধিকাংশ জেলায় আবার ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকলেও তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না।

উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আজ আকাশ পরিষ্কার থাকলেও পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা দেখা যেতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভোরের দিকে কিছু জায়গায় কুয়াশা দেখা দেবে। দার্জিলিং ও কালিম্পং-এ মেঘলা আকাশ থাকবে। আর দার্জিলিং এর বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে, এবং সর্বোচ্চ ১১ থেকে ১২ ডিগ্রি। তবে শিলিগুড়ির সকালটা পরিষ্কার আকাশ দিয়েই শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে আর আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘুরবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে কী করবেন জানা আছে তো? দেখে নিন
অন্যদিকে জলপাইগুড়ি ও ডুয়ার্সের অঞ্চলের আকাশও পরিষ্কার। জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ডুয়ার্সের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর আশেপাশে আর সর্বনিম্ন ১৪ ডিগ্রি। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলায় আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই।