সৌভিক মুখোপাধ্যায় হাবড়া: গত বেশ কয়েকদিন ধরেই ভ্যাঁপসা গরমে নাজেহাল গোটা বঙ্গবাসী। শুক্রবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকার কারণে অস্বস্তি বেড়েছে। আর শনিবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। কিন্তু মেঘ থাকলেও গরমের তীব্রতা কমবে না। অন্যদিকে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া (Weather Update)?
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দুই জায়গায় হালকা বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। এদিকে শুক্রবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের তুলনায় বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিকে আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: বাজারে ১ লিটার ১০০ টাকা, রেশনে মিলবে হাফ দামে! ফের কেরোসিন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি এই জেলাগুলিতে বজ্রপাত আর ঝোড়ো হওয়ার আশঙ্কার কারণে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আর ঝড়ের সময় গতি সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।