সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর দাপটে রাজ্যের আবহাওয়ায় লাগল ধাক্কা (Weather Update)। সোমবার রাতে ঝড়বৃষ্টির পর তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। স্বস্তি ফিরল গোটা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের মতে, রাতের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমেছে এবং দিনের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি তলানিতে ঠেকেছে। যার ফলে গরমের দাপট অনেকটাই কমেছে। কিন্তু এই ঝড় বৃষ্টি ঠিক কতদিন বজায় থাকবে?
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ভ্যাঁপসা গরম অনুভূত হতে পারে। কিন্তু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। কিন্তু এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মোটামুটি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: প্রতি জিবিতে বসানো হবে ১ টাকা কর, অনেকটাই বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম!
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
অন্যদিকে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বেশি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর বৃহস্পতিবার ও শুক্রবার সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।