সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা: উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করছেন? ভাবছেন এই হোলিতে একটু পাহাড়ি হাওয়া খেয়ে আসবেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, ভারতীয় রেল এবার হোলি উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের (Holi Special Train) ঘোষণা করেছে। আর সেই সূত্রেই কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। আসলে যারা কর্মসূত্রে বাইরে থাকে, তারা এই হোলির সময় বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে। কিন্তু ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া অনেক সময় দুষ্কর হয়ে দাঁড়ায়। উৎসবের দিনগুলোতে তো টিকিট কাউন্টারে হুড়োহুড়ি লেগে যায়, এমনকি দু’মাস আগে থেকে টিকিট কাটলেও কনফার্ম হয় না। যাত্রীদের সেই চিন্তা দূর করার জন্যই এবার পূর্ব রেলের তরফ থেকে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু ট্রেনটির সময়সূচি কী রয়েছে আর কবে চলবে? জানুন এই প্রতিবেদনে।
হোলি উপলক্ষে বিশেষ ট্রেন
পূর্ব রেলের তরফ থেকে সম্প্রতি একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী জানা গিয়েছে, কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে কলকাতা একটি স্পেশাল ট্রেন চালানো হবে। হোলি উপলক্ষেই এই ট্রেন চালানো হচ্ছে। তাই যারা উত্তরবঙ্গ সফরে যেতে চান, তাদের জন্য দারুণ খবর। বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে। আর পরের দিন অর্থাৎ ১ মার্চ রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। অন্যদিকে ফিরতি ট্রেনটি ওইদিন দুপুরে ছেড়ে রাতে কলকাতা পৌঁছবে।
আরও পড়ুন: এই ভুল করেছেন নাকি? মিলবে না যুব সাথীর ১৫০০, এখনই দেখুন
ট্রেনের সময়সূচি ও স্টপেজ
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ট্রেনটি রাত ১১:৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। আর সেটি ১ মার্চ সকাল ১০:৪৫ মিনিটে এনজেপি স্টেশনে পৌঁছবে। ট্রেনটি মাঝে স্টপেজ দেবে মালদা টাউন ও কিশানগঞ্জে যথাক্রমে সকাল ৬:২০ মিনিটে এবং সকাল ৮:২৫ মিনিটে। অন্যদিকে ফিরতি ট্রেনটি রবিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে, আর পরদিন অর্থাৎ সোমবার রাত ১২:৪০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে। যাত্রাপথে কিশানগঞ্জ এবং মালদা টাউনে ট্রেনটি স্টপেজ দেবে যথাক্রমে দুপুর ১:৫৫ মিনিটে এবং বিকেল ৫:১০ মিনিটে। এছাড়াও ট্রেনটির আরও বেশ কিছু স্টপেজ থাকবে। সেগুলি হল নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, বারশোই এবং আলুয়াবাড়ি রোড। বলে রাখার বিষয়, ট্রেনটিতে চারটি এসি ৩ টায়ার, দশটি স্লিপার ক্লাস, ছয়টি সেকেন্ড ক্লাস আর দুটি এসএলআরডি কোচ থাকবে।
