বিক্রম ব্যানার্জী, কলকাতা: LPG সংকটের মধ্যে এবার আরও বড় ধাক্কা খেলেন আমজনতা(Petrol Price Hike)! প্রত্যাশা মতোই বেড়ে গেল পেট্রোলের দাম। এক ধাক্কায় জ্বালানি তেলের দাম বাড়ল 2 টাকা 30 পয়সা। জানা যাচ্ছে, তেল সংস্থাগুলির তরফে এই দাম বৃদ্ধি করা হয়েছে। যা ইতিমধ্যেই কার্যকর হচ্ছে দেশজুড়ে। জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই ভারতের বিভিন্ন পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল 20 মার্চ অর্থাৎ আজ পেট্রোলের দাম বাড়বে। তারা যেন সেই মতোই দাম আপডেট করে নেয়।
চিন্তায় মধ্যবিত্ত!
CNBC-Awaaz এর রিপোর্ট অনুযায়ী, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির দিকে নজর রেখে বিভিন্ন তেল সংস্থাগুলি পেট্রোলের দাম বৃদ্ধি করেছে। তবে সাধারণ পেট্রোল নয় বরং প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ানো হয়েছে। হ্যাঁ, প্রতি লিটারে 2 টাকা 30 পয়সা বেশি খরচ করে কিনতে হবে প্রিমিয়াম পেট্রোল। প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি পাওয়ায় একে একে দাম বাড়বে হাই অক্টেন ফুয়েল অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের এক্সপি৯৫ এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের পাওয়ার পেট্রোলের। এতে চিন্তা বাড়ল মধ্যবিত্তের।
দাম বাড়ছে ডিজেলেরও
পাওয়ারের মতো প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন তেল সংস্থাগুলি ইতিমধ্যেই দেশে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল প্রতি লিটারে 87 টাকা 67 পয়সায় কিনতে হতো এবার থেকে তা কিনতে হবে 109 টাকা 59 পয়সা খরচ করে।
অবশ্যই পড়ুন:টোল প্লাজায় এই ভুল করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা! জারি নয়া নিয়ম
প্রসঙ্গত, গাড়ির ইঞ্জিন যাতে আরও ভালভাবে এবং স্মুথলি কাজ করে সে জন্যই ব্যবহার করা হয় প্রিমিয়াম পেট্রোল বা পাওয়ারের মতো তেল। এবার সেটারই দাম বাড়াল তেল সংস্থাগুলি। তবে বিশ্ব বাজারের ব্যাপক অনিশ্চয়তা সত্ত্বেও দাম বাড়েনি সাধারণ পেট্রোলের। যদিও অনেকে আশঙ্কা করছেন আগামী দিনে সেটির দামও বৃদ্ধি পাবে।