বিক্রম ব্যানার্জী, কলকাতা: অশান্ত পশ্চিম এশিয়া। যার প্রভাব পড়ছে গোটা বিশ্বে (Petrol Price Hike)। ভারতেও ইতিমধ্যেই রান্নার গ্যাস থেকে শুরু করে প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। এবার নতুন করে 81 রুপি বাড়ল পেট্রোলের দাম। না এই দাম বৃদ্ধি ভারতে হয়নি বরং হয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। ইরান যুদ্ধের জেরে জ্বালানিতে টান পড়ায় রবিবার শ্রীলঙ্কার সরকার পেট্রোলের দাম এক ধাক্কায় 25 শতাংশ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দু সপ্তাহের মধ্যে পরপর দুবার বাড়ল পেট্রোলের দাম।

81 রুপি বেড়ে কত হল পেট্রোল?

শ্রীলঙ্কার সরকার ঘোষণা করেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে রবিবার থেকে শ্রীলঙ্কা জুড়ে পেট্রোলের দাম 81 রুপি বৃদ্ধি পেয়ে হচ্ছে 398 রুপি। অর্থাৎ এবার থেকে এই দামেই পেট্রোল ভরাতে হবে আমজনতাকে। এর আগে পেট্রোলের দাম ছিল 317 রুপি। তবে শুধু পেট্রোল নয় বরং শ্রীলঙ্কায় বেড়েছে ডিজেলের দামও। নতুন করে এই জ্বালানির দাম 79 রুপি বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতিবেশী দেশটিতে বর্তমানে ডিজেলের দাম 382 রুপি। সাধারণত বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে ব্যবহৃত হয় ডিজেল। ফলে এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য যানবাহনের ভাড়াও আগামীতে বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা করছেন শ্রীলঙ্কার বাসিন্দারা। এখানেই শেষ নয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে দেশটিতে অন্যান্য পণ্য সামগ্রীর দামও বাড়বে। ফলে, দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কায় দিন কাটছে সে দেশের আমজনতার।
অবশ্যই পড়ুন:রবিবারও দুই বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুতসহ ঝড়বৃষ্টি! আজকের আবহাওয়া

আরও বাড়বে তেলের দাম?

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে সতর্ক করে জানিয়েছিলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বড়সড় ধাক্কা লাগতে পারে জ্বালানি সরবরাহে। এর ফলে স্বাভাবিকভাবেই বাড়বে তেলের দাম। বর্তমানে সেই চিত্রই দেখছে দেশের মানুষ। এর আগে গত সপ্তাহে প্রায় 8 শতাংশ জ্বালানির দাম বাড়ানো হয়েছিল শ্রীলঙ্কার সরকারের তরফ। ফের নতুন করে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আশঙ্কা, আগামী দিনে যুদ্ধ ভয়াবহ রূপ নিলে এই তেলের দাম মাত্রা ছাড়াবে।