বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় অশান্তির আঁচ পড়েছে ভারতেও। ইতিমধ্যেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বেড়েছে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। পূর্বের দামের থেকে 60 টাকা বৃদ্ধি করা হয়েছে LPG গ্যাস সিলিন্ডারের দাম। যা কিনতে কার্যত পকেটে টান পড়ছে আমজনতার। এরই মাঝে পেট্রোল এবং ডিজেল নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ (Oil Price Hike)। পাছে পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটা বেড়ে যায় সেই ভয়ে আগেভাগে গাড়িতে তেল ভরিয়ে রাখছেন সাধারণ মানুষ। সেই আবহে তেলের দাম বৃদ্ধি নিয়ে বড় দাবি করল সরকারি সূত্র।

বাড়তে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম?

মধ্যপ্রাচ্যে অশান্তির আবহে সরকারের একটি সূত্র দাবি করছে, এখনই দেশে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে না। ওই সূত্র অনুযায়ী, "আগামী কিছু মাসের মধ্যে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ তেল বিপণন সংস্থাগুলির কাছে পর্যাপ্ত মজুদ এবং অর্থনৈতিক বাফার রয়েছে। এর ফলে বেড়ে যাওয়া খরচ সামাল দিতে পারবে তেল সংস্থাগুলি। সে ক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির সম্ভাবনা কম। যদিও ইতিমধ্যেই বিশ্ববাজারে ব্যারেল প্রতি ক্রুড ওয়েলের দাম 100 ডলার থেকে 120 ডলারে পৌঁছেছিল। বর্তমানে সেই অঙ্কও ছাড়িয়েছে ক্রুড ওয়েল। তবে ওই সরকারি সূত্রটি বলছে, গোটা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও ভারতে যা তেল মজুদ রয়েছে তা পেট্রোল এবং ডিজেলের সম্ভাব্য বৃদ্ধিকে আটকে দেবে। যদিও তেল সংস্থাগুলি এখনই সেই মজুদ ভাঙতে রাজি নয়। তাহলেও দেশের বাজারে তেলের দাম বাড়বে না।
অবশ্যই পড়ুন:ইচ্ছে মতো আর বুক করা যাবে না রান্নার গ্যাস! বদলে গেল নিয়াম.. এখনই দেখুন
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতার মধ্যেই ভারতে যাতে আগামীতে তেলের সংকট দেখা না দেয় সেজন্যেই রাশিয়া থেকে 30 দিন পর্যন্ত আংশিক তেল আমদানির ছাড়পত্র দিয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, ভারত তেলের চাহিদা মেটাতে এবং তেলের যোগান অব্যাহত রাখতে মস্কো থেকে অপরিশোধিত তেল আমদানি করতে পারে। তবে ওয়াশিংটনের এমন কর্তৃত্ব কেন মেনে নেবে নয়া দিল্লি? প্রশ্ন তুলছেন অনেকেই। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভারত একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। তারা কোথা থেকে তেল কিনবে আমেরিকা সেটা ঠিক করে দেওয়ার কে?