বিক্রম ব্যানার্জী, কলকাতা: কমার বদলে পশ্চিম এশিয়ার অস্থিরতা ক্রমশ বাড়ছে। ইরান যুদ্ধের কারণে ইতিমধ্যেই দাম বেড়েছে অপরিশোধিত তেলের (Oil Price Hike)। গোটা বিশ্বে পেট্রোল এবং ডিজেলের দামে বৃদ্ধি লক্ষ্য করা গেলেও ভারতে পেট্রোল এবং ডিজেলের দামে পরিবর্তন আসেনি। তবে বেড়েছে গ্যাসের দাম। এমতাবস্থায়, অনেকেই আশঙ্কা করছেন হয়তো এবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। সেই আশঙ্কা থেকেই দেশের নানা প্রান্তের পেট্রোল পাম্পের সামনে পড়ছে লম্বা লাইন। আগে থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে রাখছেন অনেকে। ঠিক সেই পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে বড় নির্দেশিকা দিল কেন্দ্র।
দাম বাড়ছে পেট্রোল এবং ডিজেলের?
দেশজুড়ে LPG নিয়ে চিন্তার মেঘ ঘনীভূত হতেই এবার পেট্রোল ও ডিজেল নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, দেশে পেট্রোল এবং ডিজেল সরবরাহে এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই। দেশের প্রত্যেক পাম্পেই পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল পৌঁছে যাচ্ছে। এবার নতুন করে পাম্পগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে দেশের পাম্পগুলিকে একেবারে সতর্ক করে বলা হয়েছে, খালি অথবা সুরক্ষিত না এমন পাত্রে পেট্রোল বিক্রি করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তেল সংকটের আশঙ্কায় অনেকেই খালি বোতল বা ড্রাম নিয়ে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আনছেন। তাতেই আপত্তি কেন্দ্রীয় সরকারের। পেট্রোলিয়াম মন্ত্রক একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছে, এই ধরনের খালি বোতল বা ড্রামে অর্থাৎ অনুপযুক্ত পাত্রে বা নিরাপদ নয় এমন পাত্রে তেল দেওয়া যাবে না। গ্রাহকদের অবশ্যই উপযুক্ত পাত্র নিয়ে তেলের জন্য পাম্পগুলিতে যেতে হবে। অন্যথায় নিয়মের বাইরে গেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।
অবশ্যই পড়ুন:“হাজারো বিপদ সত্ত্বেও IPL 2026 এ চ্যাম্পিয়ন হবে KKR!”
এদিকে প্রশ্ন উঠছে কঠিন সময়ে কি পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে? এ বিষয়ে অবশ্য কেন্দ্রীয় সরকারের স্পষ্ট দাবি, এখনই পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। আগামীতে যতদিন সম্ভব পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হবে না। এ প্রসঙ্গে আগেও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত একই কথা বলেছিলেন। মন্ত্রী জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বেশ কয়েকটি দেশের উদ্বেগের কারণ হয়েছে। তবে ভারতের পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে।