বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2023 সালের অক্টোবর মাসে লোনাক লেক ফেটে গিয়ে তিস্তার হড়পা বান একেবারে লন্ডভন্ড করে দিয়েছিল পাহাড়ি জনজীবন (North Sikkim Tourist Spot)। এরপর গত বছরের জুনে ফের পাহাড়ে নামে প্রাকৃতিক বিপর্যয়। আর তারপর থেকেই উত্তর সিকিমের (North Sikkim) লাচেন সহ বিস্তীর্ণ অঞ্চল বলা চলে পর্যটন কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। মাঝে কয়েকবার যাতায়াতের চেষ্টা হলেও পরবর্তীতে পাহাড়ি রাস্তার বেহাল দশার কারণে বন্ধ হয়ে যায় যাতায়াত। এবার সিকিমের সেই আকর্ষণীয় টুরিস্ট স্পট লাচেনে ভ্রমণের জন্য পারমিট দিয়ে দিয়েছে মঙ্গন জেলা প্রশাসন।
গরমে সহজে ঘুরতে যেতে পারবেন উত্তর সিকিমের লাচেনে
প্রাকৃতিক তাান্ডবের পর ফের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে উত্তর সিকিমের বিস্তীর্ণ জনজীবন। সুস্থ হয়েছে লাচেনও। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হতেই লাচেন ভ্রমণের জন্য অনুমতি পত্র দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে মঙ্গন জেলা প্রশাসন। এ নিয়ে জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনে পর্যটক ও ট্রাভেল এজেন্সিগুলি মঙ্গন জেলা কালেক্টরেট বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এবার থেকে লাচেনে ঘুরতে যাওয়ার পারমিট সংগ্রহ করতে পারবেন। প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই লাচেনের পর্যটক ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। পর্যটক শূন্যতা নিয়ে ভুগতে হচ্ছিল ব্যবসায়ীদের। স্থানীয় হোটেল ব্যবসায়ীরাও চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। তবে অবশেষে জেলাশাসক অনন্ত জৈনের ঘোষণার পর এবার ফের লাভের মুখ দেখতে পাবেন, এমনটাই আশা, লাচেনের ব্যবসায়ী মহলের একটা বড় অংশের। তাঁদের বক্তব্য, গরম পড়ার সাথে সাথে আবার হয়তো নতুন করে ভিড় উপচে পড়বে লাচেনে।

অবশ্যই পড়ুন:ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ টাই হলে চ্যাম্পিয়ন হবে কোন দল?
প্রসঙ্গত, সাম্প্রতিককালে চুংথাং থেকে লাচেন পর্যন্ত প্রায় 16 কিলোমিটার বিস্তৃত তারাম চুর এর উপর একটি নতুন বেইলি সাস্পেনশন ব্রিজ বা ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। এটিই লাচেন যাওয়ার অন্যতম প্রধান সেতু বা লাইফ লাইন। এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর মঙ্গন জেলা প্রশাসন। মূলত সে কারণেই, সেতুটির স্থায়িত্ব, নিরাপত্তা সহ অন্যান্য দিক নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট ওজনের গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহন ওই সেতুর উপর থেকে যেতে পারবে না।