বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নামটা যথেষ্ট সম্মানজনক। তাঁর অন্যতম কারণ, ভক্তদের মাহিই এশিয়ার একমাত্র অধিনায়ক যিনি ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তিন তিনটি ট্রফি জিতিয়েছেন। 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিশ্ব ক্রিকেটে ভারতের জয়জয়কার হয়েছে ধোনির হাত ধরে। 7 নম্বর জার্সির এই ক্রিকেটার আজ আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভক্তদের মনোরঞ্জন করে চলেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও ধোনি এমন কিছু রেকর্ড ছেড়ে গিয়েছেন যা আজ পর্যন্ত ভাঙতে পারেনি কেউ। ভবিষ্যতেও সেইসব রেকর্ড ভাঙা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই।
ধোনির এই 7 রেকর্ড ভাঙা অসম্ভব!
প্রথম রেকর্ড
মহেন্দ্র সিং ধোনিই এশিয়ার একমাত্র অধিনায়ক যাঁর হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC র তিন তিনটি ট্রফি জিতেছে ভারত। প্রথমটি 2007 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। দ্বিতীয়টি 2011 সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এবং সবশেষে 2013 সালে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। সেখানে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মাহি। এই রেকর্ড ভাঙা কার্যত অসম্ভব বলেই মনে করছেন অনেকে।
দ্বিতীয় রেকর্ড
মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে 6 নম্বর পজিশনে খেলতে নেমে প্রায় 4031 রান করেছেন। এক কথায়, আন্তর্জাতিক ক্রিকেট টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারের ভরসা ছিলেন তিনি। ওপেনাররা ভেঙে পড়লেও সেই চাপ সামলে ওঠার ক্ষমতা ছিল ধোনির কাঁধে। সেই সূত্রেই, 6 নম্বরে ব্যাট করে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন তিনি। যা আজ পর্যন্ত অক্ষত।
তৃতীয় রেকর্ড
ভারতীয় অধিনায়কদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যাঁর হাত ধরে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। 2016 সালের টি-টোয়েন্টি সিরিজে এই মাহির নেতৃত্বেই তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল ভারত। সেই রেকর্ড আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারেননি কেউই।
চতুর্থ রেকর্ড
ধোনিকে এমনি এমনি সেরা ফিনিশার বলা হয় না। পরিসংখ্যানই বলে দেয় তিনি বিশ্বের সেরা ফিনিশার। আসলে ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করে দলকে জেতানোর নিরিখে ধোনি 47 ম্যাচে অপরাজিত থেকেছেন। তাঁকে আজ পর্যন্ত এই রেকর্ডের নিরিখে টপকে যেতে পারেনি কেউই। যদিও মাহির কাছাকাছি রয়েছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। প্রাক্তন প্রোটিয়া তারকা 33 ম্যাচে অপরাজিত থেকে ছিলেন।
পঞ্চম রেকর্ড
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামেই। এই খেলোয়াড় অধিনায়ক হিসেবে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে মোট 204টি ছয় মেরেছেন। এরমধ্যে একাধিক ওভার বাউন্ডারি এসেছিল হেলিকপ্টার শট থেকে। মাহির এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ।
ষষ্ঠ রেকর্ড
উইকেট কিপার হিসেবেও বিশ্ব ক্রিকেটে বিরাট রেকর্ড রয়েছে ধোনির। এই খেলোয়াড় 2005 এ পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সে বছর ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধেও রুদ্ধশ্বাস ইনিংস খেলেন তিনি। মাহি 145 বলে 183 রান করেছিলেন। সেই সাথে রয়েছে 15টি বাউন্ডারি এবং 10টি ওভার বাউন্ডারি অর্থাৎ ছয়। উইকেট কিপার হিসেবে একদিনের ক্রিকেটে এই রান করতে পারেনি কেউ।
অবশ্যই পড়ুন:জিম্বাবুয়েকে টাইট দিতে ভারতীয় দলে ফিরছেন দাপুটে অলরাউন্ডার! জয় নিশ্চিত?
সপ্তম রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে দাবানলের গতিতে স্টাম্পিং করার নিরিখে এগিয়ে রয়েছেন ধোনিই। বিদ্যুৎ গতিতে ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে দেওয়ার ক্ষমতা হয়তো রয়েছে একমাত্র তাঁরই। চোখের পলক পড়ার আগেই উইকেট ভেঙে ফেলেন তিনি। বলে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে 192টি স্টাম্পিং করেছেন। ভবিষ্যতে হয়তো এই রেকর্ড ভাঙতে পারবেন না কেউই।