বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটারদের জনপ্রিয়তাকে রাজনীতিতে কাজে লাগানোর চেষ্টা করে রাজনৈতিক দলগুলি, সেই উদাহরণ গোটা দেশজুড়ে কম নেই। সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন বাংলার অতি পরিচিত প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল। যোগ দেওয়া মাত্রই তুফানগঞ্জে ঘাসফুল শিবিরের তরফে টিকিট পেয়েছেন তিনি। তাছাড়াও সাম্প্রতিক অতীতে লক্ষ্মীরতন শুক্লা থেকে শুরু করে মনোজ তিওয়ারির মতো ক্রিকেটাররা তৃণমূলের যোগ দিয়েছিলেন। তাছাড়াও গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহরমপুর থেকে দাঁড়ান ইউসুফ পাঠান। এবার শোনা যাচ্ছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নির্বাচনের প্রার্থী করতে চাইছে বিজেপি!

বিজেপির হয়ে লড়বেন ধোনি?

গত রবিবার সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু সহ 5 রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই নির্ঘণ্টা অনুযায়ী, বাংলার পাশাপাশি এপ্রিলেই ভোট রয়েছে তামিলনাড়ুতে। আগামী 23 এপ্রিল তামিলনাড়ুর 234টি বিধানসভা আসনে এক দফায় হবে নির্বাচন। বাংলার পাশাপাশি এই রাজ্যেও নিজেদের ক্ষমতা বিস্তার করতে চাইছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, তামিলনাড়ুর নির্বাচনে নিজেদের এগিয়ে রাখতে এবার নাকি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে প্রার্থী করতে চাইছে বিজেপি। যদিও এ নিয়ে গেরুয়া শিবিরের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তাছাড়াও, ভারতীয় তারকার তরফেও এ নিয়ে কোনও তথ্য মেলেনি। এখন দেখার, এই জল্পনা কি আদতেই সত্যি হয় নাকি জল্পনাতেই সীমাবদ্ধ থাকে।
অবশ্যই পড়ুন:কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় তৃণমূল! নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন শুভেন্দু ঘনিষ্ঠ
উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল, বাংলায় নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিতে পারেন সৌরভ গাঙ্গুলি। এও শোনা যায়, বেহালা থেকে দাঁড়াতে পারেন দাদা। যদিও সেই জল্পনায় সিলমোহর দেয়নি, তৃণমূল বা ভারতীয় তারকা কেউই। বরং সূত্রের খবর, সৌরভ নাকি বলেছেন ভবিষ্যতে তিনি কখনই সরাসরি রাজনীতিতে যাবেন না।