বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে চিরকালই পর্দার আড়াল থেকে জাদুকাঠি ঘোরান টেকনিশিয়ানরা (Technicians)। তাঁদের কথা আলাদা করে কে ভাবে? ভাবার সময় আছে নাকি? না, এবার ভেবেছেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির উজ্জ্বল মুখ দেব ওরফে দীপক অধিকারী। দিনের পর দিন রাজ্য সরকারের কাছে লাইট-ক্যামেরার পেছনে থাকা টেকনিশিয়ান অর্থাৎ শিল্পীদের মেডিক্লেম চালু করার আবেদন জানিয়েছিলেন দেব। এবার টলিউড সুপার স্টারের সেই দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকার উদ্যোগেই এবার স্বাস্থ্য সাথীর (Swasthya Sathi) সুবিধা পেতে চলছেন বাংলার টেকনিশিয়ান ভাই বোনেরা।
স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন হাজার হাজার টেকনিশিয়ান
একটা গোটা সিনেমাকে ফুটিয়ে তুলতে যাঁদের অবদান অনস্বীকার্য, ক্যামেরার নেপথ্য নায়ক সেই টেকনিশিয়ানরাও যাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসেন সে জন্যই মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন সাংসদ দেব। দেবের সেই চিঠিতেই সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডিও পাড়ার কলাকুশলীদের জন্যও এবার চালু করা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, স্টুডিও পাড়ার টেকনিশিয়ান ভাই বোনেরাও স্বাস্থ্য সাথীর সুবিধা ভোগ করবেন। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই গতকাল সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন টলিউডের মসিহা দেব। মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির একটি প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। সেই সাথে মাননীয়ার প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন অভিনেতা।
অবশ্যই পড়ুন:যুবসাথী নিয়ে বিরাট নির্দেশ মমতার!
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে এবার টলি দুনিয়ার 7000 এরও বেশি টেকনিশিয়ান কর্মী স্বাস্থ্য সাথী কার্ড পাবেন। অভিনেতা দেব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী 17 মার্চ সকাল থেকেই টলিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে বসবে রেজিস্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্প থেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন টেকনিশিয়ানরা। অভিনেতা তথা প্রিয় দাদা দেবের এমন উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন টেকনিশিয়ান ভাই-বোনেরা।