বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে গোটা বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানির সংকট (LPG Price)। সমস্যায় পড়েছেন ভারতীয়রাও। LPG বুক করে ঘরে তুলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমজনতাকে। বাণিজ্যিক গ্যাসের কথা ছেড়ে দেওয়াই ভাল। এদিকে গৃহস্থালির গ্যাসের দাম ইতিমধ্যেই 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে একেবারে শিরে সংক্রান্তি অবস্থা সাধারণ মানুষের। ঠিক সেই আবহে শোনা যাচ্ছে এবার হয়তো কমতে পারে গ্যাসের দাম। কিন্তু কীভাবে? সংকটের পরিস্থিতিতে কোন উপায়ে গ্যাসের দাম কমাবে সরকার?
গ্যাসের দাম কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার?
এক সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে গৃহস্থ জ্বালানির গ্যাসের পরিমাপ 14.2 কেজি থেকে কিছুটা কমিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে বিভিন্ন ওয়েল মার্কেটিং সংস্থাগুলি। তেল সংস্থাগুলির একটি সূত্র বলছে, দেশজুড়ে গৃহস্থালির রান্নার গ্যাস রিফিলের পরিমাপ এবার থেকে 14.2 কেজির বদলে 10 কেজিতে নামিয়ে আনা হতে পারে। অর্থাৎ এবার থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারে 10 কেজির রান্নার গ্যাস। অনেকেই মনে করছেন, গোটা দেশজুড়ে গ্যাসের বিপুল চাহিদার যোগান দিতে গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমানোর পথে তেল সংস্থাগুলি। তাতে সিলমোহর দিতে পারে কেন্দ্রীয় সরকারও। আসলে এই মুহূর্তে স্টক সীমিত থাকায় যাতে গ্যাস সরবরাহে কোনও রকম সমস্যা তৈরি না হয় সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর সেটা হলে 10 কেজির গ্যাসের দাম স্বাভাবিকভাবেই অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে সরকারের তরফে কোনও রকম তথ্য মেলেনি।
অবশ্যই পড়ুন: বুলেট ট্রেন নিয়ে বিরাট সুখবর! সুদূর চিন থেকে মুম্বাই এল বিরাট মেশিন
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে ঢুকেছে একের পর এক LPG ভর্তি জাহাজ। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ দিয়ে ভারতে যা গ্যাস আসছে তা দিয়ে প্রতিদিনের চাহিদা প্রতিদিন মেটানো সম্ভব হবে। তবে দীর্ঘদিনের জন্য LPG র চাহিদা মেটানো যাবে না। ভারতে এই মুহূর্তে প্রতিদিন গ্যাস খরচ হয় 93 হাজার 500 টন। তাই নাকি নতুন করে গ্যাসের দাম না বাড়িয়ে পরিমাণ কমাতে চায় তেল সংস্থাগুলি।