বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানির সংকট। তালিকার বাইরে নয় ভারতও। ইতিমধ্যেই দেশের নানান প্রান্তে LPG নিয়ে চরম বেকায়দায় পড়েছেন আমজনতা। অতিরিক্ত দাম দিয়েও রান্নার গ্যাস পাচ্ছেন না অনেকে। ঠিক সেই পরিস্থিতিতে এবার সাধারণ মানুষের চিন্তা দূর করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। চালু হল LPG ATM। জানা যাচ্ছে, এই ATM থেকে দিনরাত নির্বিশেষে যে কোনও সময় LPG সিলিন্ডার তুলতে পারবেন সাধারণ মানুষ।
কোথায় চালু হয়েছে এই LPG ATM?
দেশে LPG সংকটের কথা মাথায় রেখে পাইলট প্রজেক্টের আওতায় গুরুগ্রামে চালু হয়েছে ভারতের প্রথম 24/7 LPG ATM। জানা যাচ্ছে, 24 ঘণ্টার মধ্যে যেকোনও সময়ে প্রতিদিন এই ATM থেকে রান্নার গ্যাস কিনতে পারবেন সাধারণ মানুষজন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই ATM এর মাধ্যমে খালি সিলিন্ডার ভরে নিতে পারবেন গ্রাহকরা। বলাই বাহুল্য, এই মেশিন থেকে কিন্তু আর পাঁচটা লোহার LPG সিলিন্ডার পাওয়া যাবে না। বরং এই বিশেষ পাইলট প্রকল্পের আওতায় হালকা ওজনে কম্পোজিট সিলিন্ডারে গ্যাস ভরে নিয়ে যেতে পারবেন সাধারণ মানুষ। না বললেই নয়, ফাইবার বেসড এই সিলিন্ডারের ওজন গ্যাস ভর্তি অবস্থায় মাত্র 15 কেজি। ফলে সহজেই এই সিলিন্ডার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।
কীভাবে এই ATM থেকে সিলিন্ডারে গ্যাস ভরা যায়?
প্রথমেই বলে রাখি, গুরুগ্রামে যে LPG ATM পরিষেবা চালু হয়েছে তা সম্পূর্ণ ডিজিটাল এবং কন্টাক্টলেস। রেজিস্ট্রেশন এর জন্য প্রথমেই মেশিনে আপনাকে নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপর মোবাইলে আসা OTP দিয়ে যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পর খালি সিলিন্ডারে থাকা বারকোড বা কিউআর কোড স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করা হয়ে গেলেই সামনে আসবে পেমেন্টের অপশন। সেখান থেকে UPI, ক্রেডিট/ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে যেকোনও একটি বিকল্প বেছে নিয়ে পেমেন্ট করে দিলেই মেশিন থেকে বেরিয়ে আসবে LPG ভর্তি সিলিন্ডার।
অবশ্যই পড়ুন:KKR-র জন্য ফের খারাপ খবর
প্রসঙ্গত, গুরুগ্রামের 33 সেক্টরের ATM এ একসাথে 10টি সিলিন্ডার রাখার ব্যবস্থা রয়েছে। তবে কোনও ভাবে স্টক শেষ হয়ে গেলে এই মেশিন স্বয়ংক্রিয় ভাবেই ডিস্ট্রিবিউটরের কাছে অ্যালার্ট মেসেজ পাঠিয়ে দেয়। সেই মেসেজ পেয়ে পরবর্তীতে গ্যাস রিফিল করে দিয়ে যান নিকটবর্তী ডিস্ট্রিবিউটার। বলে রাখি, গুরুগ্রামে পাইলট প্রজেক্টের অধীনে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। প্রথম পর্বে এটি সফল হলে পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও LPG ATM চালু করতে পারে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।