বিক্রম ব্যানার্জী, কলকাতা: গঙ্গার নিচ থেকে আন্ডারওয়াটার মেট্রোর পর এবার গঙ্গার উপর থেকে জলের বুক চিরে ছুটে চলবে ওয়াটার মেট্রো (Kolkata Water Metro)। সেই মর্মে, ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে গঙ্গার উপর থেকে ওয়াটার মেট্রো চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে খুব শীঘ্রই কলকাতা পুরসভায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এদিনই কোচির ওয়াটার মেট্রোর প্রতিনিধি দল আসবেন শহরে। তাঁদের সাথে আলোচনার পরই ঠিক হবে গোটা প্রকল্পের রূপরেখা।

যাত্রীদের সুবিধার্থে ওয়াটার মেট্রোর সাথেই সেজে উঠছে গঙ্গার পারও

জানা যাচ্ছে, কোচির ওয়াটার মেট্রোর আদলে শহর কলকাতায় গঙ্গার বুকে চালানো হবে অত্যাধুনিক ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট। যাত্রীরা যাতে দ্রুত গঙ্গার উপর থেকে যাতায়াত করতে পারেন সে জন্যই এই বিশেষ ব্যবস্থা। যদিও সবটাই হবে পরিবেশবান্ধব। হ্যাঁ, পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে শোনা যাচ্ছে, শুধু ওয়াটার মেট্রো দিয়েই শহরবাসীর মন ভরাবে না রাজ্য। সেই সাথে সেজে উঠবে গঙ্গার পারও। সূত্রের খবর, কম করে 250 কোটি টাকা খরচ করে গঙ্গার বুকে নামানো হচ্ছে 13টি ইলেকট্রনিক ভেসেল। সেই সাথে বিশ্বব্যাংকের আর্থিক সাহায্যে 50টি জেটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই 22টি নতুন ভেসেল তৈরি হবে গঙ্গা বক্ষে চালানোর জন্য। এগুলির সাথে সাথে যাত্রীদের সুবিধার্থে এবং গঙ্গার শোভা বাড়াতে ওয়াটার মেট্রোতে প্রবেশের আগে গঙ্গা পাড়ে বসানো হচ্ছে স্মার্ট কার্ড গেট। সেই সাথে ওয়াটার মেট্রো প্রকল্পের পাশাপাশি গঙ্গা পার সাজাতে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
অবশ্যই পড়ুন:মেলে ৫০ হাজার টাকা স্টাইপেন্ড! আবেদন করেছেন কেন্দ্র সরকারের এই স্কলারশিপে?
প্রসঙ্গত, আগামী সপ্তাহে কোচি ওয়াটার মেট্রোর তত্ত্বাবধানে রয়েছে এমন কয়েকজন আধিকারিকের প্রতিনিধিদল আসবে শহরে। তাঁরা যোগ দেবেন কলকাতা পুরসভার বিশেষ বৈঠকে। সেখানেই আলোচনা হবে গঙ্গাবক্ষে শুরু হতে যাওয়া ওয়াটার মেট্রো নিয়ে। সূত্রের খবর, কলকাতা পুরসভার ওই বৈঠকে কোচির প্রতিনিধি দলের কাছ থেকে জানতে চাওয়া হবে সেখানকার ওয়াটার মেট্রোর যাবতীয় পরিকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে। শোনা যাচ্ছে, কোচির ওয়াটার মেট্রোর যাবতীয় সুযোগ-সুবিধা সহ আনুষাঙ্গিক বিষয়গুলিতে নজর রেখেই সেই আদলে গড়ে তোলা হবে, কলকাতার ওয়াটার মেট্রোর সার্বিক কাঠামো।