বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে হাওড়া ব্রিজ (Howrah Bridge) ব্যবহার করার জন্য পাওয়া যাবে 4 কোটি টাকা করে। হ্যাঁ, বিশেষ চুক্তির অধীনে কলকাতা বন্দরকে এই অর্থ দেবে কলকাতা পুরসভা। শোনা যাচ্ছে, একইভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোর্ট ট্রাস্টের আওতাভুক্ত সকল সম্পত্তির জন্য পুরসভা আবার বন্দর কর্তৃপক্ষকে রাজস্ব দেবে। সম্প্রতি সেই মর্মেই একটি সমঝোতা চুক্তি হয়েছে দু' পক্ষের মধ্যে।
পুরসভার সাথে বন্দর কর্তৃপক্ষের বিশেষ চুক্তির কথা জানিয়েছেন মেয়র
প্রথমত হাওড়া ব্রিজ কলকাতা বন্দরের সম্পত্তি। মূলত সে কারণেই রবীন্দ্র সেতুটি সারা বছর দেখভালের দায়িত্ব থাকে বন্দর কর্তৃপক্ষের হাতে। সে কারণেই এবার হাওড়া ব্রিজ ব্যবহার করার জন্য বন্দরকে কর দেবে কলকাতা পুরসভা। সেই মতোই হয়েছে বিশেষ চুক্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বন্দরের সম্পত্তির জন্য কলকাতা পুরসভা কেন কর দিতে যাবে? সম্প্রতি স্বাক্ষরিত বিশেষ সমঝোতা চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা পুরসভা এবং কলকাতা পোর্ট ট্রাস্ট এর মধ্যে বিশেষ চুক্তি সম্পন্ন হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে কর দেওয়ার বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে মেয়র জানান, "কর প্রদানের নিয়মটা আজকের নয় বরং বহু পুরনো। হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়ার সংযোগকারী সেতু। এই ব্রিজ শহরকে বাংলার আরেক প্রান্তের সাথে যুক্ত করে। এই ব্রিজ ব্যবহার করেন রাজ্যের বহু মানুষ। মূলত সে কারণেই লিংক ব্রিজ হওয়ায় এই সেতু ব্যবহারের জন্য পুরসভা বন্দরকে বার্ষিক কর প্রদান করবে। পুরনো নিয়মে সেটাই লিখিত পড়িত রয়েছে।"
অবশ্যই পড়ুন:মূল্যবৃদ্ধির বাজারে ৩০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে রান্নার গ্যাস, দেখে নিন কারা পাবেন
সূত্রের খবর, দ্য ক্যালকাটা পোর্ট অ্যাক্ট 1890 অনুসারে কলকাতা পুরসভা এবং বন্দরের মধ্যে কর দেওয়া নেওয়ার নিয়ম চালু ছিল। পরবর্তীতে দীর্ঘদিন এই বিষয়টি একপ্রকার বন্ধ থাকলেও কলকাতা পুরসভার মেয়র হতেই দল গঠন করে পুরনো নিয়ম ফের কার্যকর করেন ফিরহাদ হাকিম। সেই কর বিনিময়ের নতুন কার্যকরী আইন অনুযায়ী কলকাতা পুরসভা বন্দর কর্তৃপক্ষকে এবং বন্দর কর্তৃপক্ষ পুরসভাকে কর দিয়ে আসছে। হাওড়া ব্রিজও সেই কর কাঠামোর অধীনে।