সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: নিরাপদ বিনিয়োগের (Investment) মাধ্যম হিসেবে সবাই ফিক্সড ডিপোজিটকেই প্রাধান্য দিয়ে থাকে। কারণ, নির্দিষ্ট হারে সুদ, নিরাপদ বিনিয়োগ আর তুলনামূলকভাবে কম ঝুঁকির কারণে এটি সবার পছন্দ। কিন্তু সাম্প্রতিক সময়ে আর্থিক বাজারের নতুন নতুন বিনিয়োগের মাধ্যম তৈরি হওয়াতে ফিক্সড ডিপোজিটের বিকল্প খুঁজছে সবাই। বিশেষজ্ঞদের মতে, এরকম কিছু বিনিয়োগের মাধ্যম রয়েছে যেগুলি পরিস্থিতি অনুযায়ী এফডি-র থেকে ভালো বিকল্প হতে পারে। হ্যাঁ, আজ এমনই কিছু বিকল্প তুলে ধরব।

সরকারি বন্ড ও আরবিআই স্কিম

কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ধরনের সেভিংস স্কিম এবং বন্ড চালু করে রেখেছে। এর মধ্যে আরবিআই ফ্লোটিং রেট সবথেকে জনপ্রিয়। এটিকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এগুলো সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আর দীর্ঘমেয়াদী আয়ের জন্য বিনিয়োগকারীরা অনেক সময় এগুলিকেই বেছে নেয়।

পোস্ট অফিসের সেভিংস স্কিম

ভারতীয় পোস্ট পরিচালিত সঞ্চয়ী প্রকল্পগুলিও বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। যার মধ্যে উল্লেখযোগ্য হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষান বিকাশপত্র এবং পোস্ট অফিসের টাইম ডিপোজিট, রেকারিং ডিপোজিট ইত্যাদি। এই স্কিমগুলোতে সাধারণত সরকারি সুরক্ষা থাকে, আর সুদের হার স্থিতিশীল। বিশেষ করে ছোট শহর বা গ্রামীণ অঞ্চলে এখন পোস্ট অফিসের এই সঞ্চয় প্রকল্পগুলির প্রতি মানুষের আস্থা বেশি।

ডেট মিউচুয়াল ফান্ড

ডেট মিউচুয়াল ফান্ডকে বর্তমানে ফিক্সড ডিপোজিটের সবথেকে জনপ্রিয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ধরনের ফান্ড সাধারণত সরকারি বন্ড কর্পোরেট বন্ড বা অন্যান্য স্থির আয়ের বিনিয়োগে অর্থ রেখে থাকে। এর ফলে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে স্থিতিশীল রিটার্ন পায়। পাশাপাশি অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে টাকা তুলে নিলেও অতিরিক্ত জরিমানা গুনতে হয় না। স্বল্প কিংবা মাঝারি মেয়াদের বিনিয়োগের ক্ষেত্রে এটি বেশ লাভজনক স্কিম।

লিকুইড মিউচুয়াল ফান্ড

স্বল্প সময়ের জন্য যারা টাকা বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য লিকুইড মিউচুয়াল ফান্ড একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। এই ধরনের ফান্ড সাধারণত কম মেয়াদের ক্ষেত্রে সেরা বিকল্প এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলেই ধরা হয়। আর বিশেষজ্ঞদের মতে, জরুরি তহবিল রাখার ক্ষেত্রে লিকুইড ফান্ড অনেক সময় এফডি-র থেকেও ভালো অপশন হতে পারে।
আরও পড়ুন: সিভিক অতীত, এবার পথবন্ধু ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য! কী কাজ করবে তারা?

সোনায় বিনিয়োগ

বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দিনের পর দিন সোনার দাম ঊর্ধ্বগতিতে ঠেকছে। তাই যদি এখনই নিজের সঞ্চিত অর্থ দিয়ে সোনা কিনে রাখেন, তাহলে ভবিষ্যতে সেই সোনা বিক্রি করে মোটা অংকের টাকা ফেরত পাবেন তা বলা যায়। সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের থেকেও মোটা অঙ্কের রিটার্ন আসবে।