সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশের রেল অবকাঠামোকে আরও শক্তিশালী করার জন্য বিরাট পদক্ষেপের পথে হাঁটছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রী পরিষেবা আরও উন্নত করা আর নতুন প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য ১০ বছরের বেশি পুরনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি (PPP Model) পরিকল্পনার কথা আলোচনা করছে রেল মন্ত্রক। আর এই নতুন নীতির আওতায় বেসরকারি বিনিয়োগকারীদের জন্য আরও নিরাপদ আর আকর্ষণীয় পরিবেশ তৈরি করতে চাইছে সরকার। যার ফলে আগামী দিন রেলওয়ে প্রকল্পে বেসরকারি সংস্থার বিনিয়োগ বাড়বে।

PPP নীতিতে আসছে বড়সড় পরিবর্তন

ভারতীয় রেলের সূত্রে জানা গিয়েছে, নতুন নীতিতে এবার দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। তার মধ্যে প্রথমটি হল কনসেশন সময়সীমা বাড়ানো। বর্তমানে PPP মডেলের প্রকল্পগুলিতে বেসরকারি সংস্থাগুলিকে ২০ থেকে ৩৫ বছরের জন্য কনসেশন দেওয়া হয়। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, সেই সময় সীমা ৫০ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। আর এতে করে বেসরকারি সংস্থাগুলি দীর্ঘ সময় ধরে প্রকল্প পরিচালনার সুযোগ পাবে। আর সহজেই বিনিয়োগ করা অর্থ তুলে আনতে পারবে। এমনকি এই নীতির সূচনা ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষনা করেছেন। তিনি জানিয়েছেন, গতিশক্তি মাল্টি মোডাল কার্গো টার্মিনাল প্রকল্পে ৫০ বছরের কনসেশন দেওয়া হবে। অন্যদিকে দ্বিতীয় যে পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে সেটি হল জমি অধিগ্রহণের দায়িত্ব। জানা যাচ্ছে, বর্তমানে PPP প্রকল্পে জমি অধিগ্রহণের গোটা প্রক্রিয়া আর খরচ অনেক ক্ষেত্রে বেসরকারি সংস্থার উপরেই পড়ে। কিন্তু জমি অধিগ্রহণ করে রেলওয়ে। এর ফলে অনেক সময় প্রকল্প শুরু হতে দেরি হয়। কিন্তু নতুন নীতিতে প্রস্তাব দেওয়া হয়েছে, জমি অধিগ্রহণের সম্পূর্ণ দায়িত্ব এবং খরচ রেলওয়ে নিজেই বহন করবে-। আর এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত সড়ক প্রকল্পের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই। এতে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে অযথা আর দেরি হবে না।

আরও পড়ুন: দেশে গ্যাসের টানাটানি, জ্বালানি সংকটে বন্ধ হচ্ছে স্কুলের মিড ডে মিল?

এদিকে বলে রাখি, রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে PPP মডেলে মোট ১৫টি বড় প্রকল্প বেছে নেওয়া হয়েছে। আর এই প্রকল্পগুলোর জন্য মোট ৩৫,৮১৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে নতুন রেল লাইন নির্মাণ, বর্তমান লাইনগুলির ডাবলিং এবং স্টেশন পুনর্গঠন ও আধুনিকীকরণ। আর এই প্রকল্পগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।