বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপে বড় বিপদে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর একে তো নেট রান রেট একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তার উপর ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের বেশিরভাগই ফর্মে নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার ম্যাচে স্পষ্ট হয়েছিল সেটা। যাঁর কারণে নাকি টিম ইন্ডিয়ার বেশিরভাগ প্লেয়ারকেই প্রধান কোচ গৌতম গম্ভীরের রোষের মুখে পড়তে হয়েছিল। এমতাবস্থায়, আগামীকাল জিম্বাবুয়ের (India Vs Zimbabwe) বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। শোনা যাচ্ছে, আফ্রিকার এই দলটির বিরুদ্ধে বৃহস্পতিবার ভারতীয় একাদশে ঢুকে পড়তে পারেন এক তারকা অলরাউন্ডার। কে তিনি?
ভারতকে বাঁচাতে মাঠে নামতে পারেন এই অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে 76 রানে হেরেছে ভারত। যার জেরে টিম ইন্ডিয়ার নেট রান রেট হয়ে দাঁড়িয়েছে -3.800। তাতে সেমিফাইনালে ওঠা সূর্যকুমার যাদবদের জন্য একপ্রকার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পরপর দুইবার জেতার পাশাপাশি সেমির লড়াই লড়তে হলে ভারতকে হতে হবে দক্ষিণ আফ্রিকা নির্ভর। তবে পরপর দুই ম্যাচে যদি বড় ব্যবধানে জয় তুলতে পারে ভারত, সে ক্ষেত্রে তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সেমিফাইনালে জায়গা করে নেবে মেন ইন ব্লু। সে কারণেই জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় খোঁজাটাই ভারতের প্রধান লক্ষ্য এখন। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বিগত দিন গুলিতে যেহেতু অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সে অর্থে ঘুরে দাঁড়াতে পারেননি, ফলে আগামীকাল তাঁকে ভারতের একাদশ থেকে সরিয়ে দলে নেওয়া হতে পারে তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। হ্যাঁ, ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আগামীকাল জিম্বাবুয়ের ঘাম ছুটিয়ে দিতে পারেন বলেই মনে করছেন অনেকে। তাছাড়াও চেপকের পিচ ভারতের খুব চেনা।
অবশ্যই পড়ুন: একবার চার্জ দিলেই নিশ্চিন্ত! ফোনের থেকে কম দামে দারুণ স্কুটার Hero-র
বলাই বাহুল্য, বৃহস্পতিবারের ম্যাচের আগে বুধবার টিম ইন্ডিয়ার হয়ে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেল তিলক বর্মা, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবদের। অনুশীলন করলেন বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহরাও। সূত্রের খবর, ভারতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন মহম্মদ সিরাজও। সেক্ষেত্রে জিম্বাবুয়ের ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে আশায় বুক বাঁধছেন ভক্তরা।