বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড (India Vs New Zealand), দুই দলের হাতেই রয়েছে ইতিহাস তৈরির সুযোগ। ভারত যদি এবারের বিশ্বকাপ জেতে তবে তারা একটানা দুবার 20 ওভারের বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আজকের ফাইনাল জিতে যায় তবে তারা ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করবে। ফলে, রবিবারের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ভক্তদের। তবে এমন প্রশ্নও উঠছে, আজকের ম্যাচ যদি টাই হয় সে ক্ষেত্রে কোন দলকে বিজয়ী ঘোষণা করা হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের হেড টু হেড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ পর্যন্ত মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এর মধ্যে 18 বার জিততে পেরেছে ভারতীয় দল। নিউজিল্যান্ড জিতেছে 11 বার। বাকি একটি ম্যাচ টাই হয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানটা সম্পূর্ণ আলাদা। বিশ্বকাপের মঞ্চে আজ পর্যন্ত মোট তিনবার একে অপরের বিরুদ্ধে খেলেছে ভারত এবং নিউজিল্যান্ড। সবচেয়ে অবাক করা বিষয়, তিন ম্যাচের তিনটিতেই ভারতকে হারিয়েছে কিউই বাহিনী। ফলে আজকের ম্যাচে এগিয়ে থেকে মাঠে নামছে ব্ল্যাক ক্যাপসরা।

ম্যাচ টাই হলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের প্রথম পর্বের খেলায় যদি ফলাফল সমান হয় অর্থাৎ ম্যাচ যদি টাই হয়, সেক্ষেত্রে খেলা গড়াবে সুপার ওভারে। সেখানেও যদি ফলাফল নির্ধারিত না হয় সে ক্ষেত্রে বিজয়ী দল ঘোষণা করার জন্য দ্বিতীয় সুপার ওভার আয়োজন করা হবে। সেখানে যে দল জিতবে তারাই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের চ্যাম্পিয়ন।
অবশ্যই পড়ুন:লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় দাবি SBI-র
একটু পেছনে ফিরে গেলে জানা যাবে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে 11 ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি টাই হয়েছিল। ফলে খেলা গড়িয়েছিল সুপার ওভারে। প্রথম সুপার ওভার ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। সেখানেই ফলাফল নির্ধারিত হয়। এভাবেই এদিনের ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। একই নিয়ম প্রযোজ্য হবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচেও।