সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দেশজুড়ে রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য এবং সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার জন্য বিরাট পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র সরকার। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত রেশন কার্ডধারীকে তাদের কেওয়াইসি (Ration KYC) প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হল। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ না করলে রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বলেই জানানো হয়েছে। যার ফলে মাসিক বরাদ্দ বন্ধ হয়ে যাবে।
কেন এই নিয়ম?
আসলে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের মতে, গণবন্টন ব্যবস্থার মধ্যে এখন অনেকেই জাল গ্রাহক থেকে যাচ্ছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৮ কোটি ৫১ লক্ষ রেশন কার্ডধারী রয়েছে। আর এদেরকে তালিকা থেকে বাদ দিতে পারলে সরকারের আনুমানিক ৪৩৭৮ কোটি টাকা সাশ্রয় হবে। মূলত প্রকৃত অভাবী মানুষদের কাছে যাতে সরাসরি সাহায্য পৌঁছে যায়, তা নিশ্চিত করার জন্যই প্রতি পাঁচ বছর অন্তর এই এই কেওয়াইসি পরীক্ষা করা হয়। খাদ্য মন্ত্রক সূত্রের খবর, দেশে ইতিমধ্যেই ৮৭ শতাংশ গ্রাহকের কেওয়াইসি সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় ২৩ শতাংশ গ্রাহক এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, মোট কেওয়াইসি সম্পন্ন হয়েছে আনুমানিক ৭৯ কোটি ৭০ লক্ষ গ্রাহকের। ১০০ শতাংশ স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই সরকার মূল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই কারণেই এবার এই পদক্ষেপ।
কীভাবে করবেন কেওয়াইসি?
রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি আপডেট করার পদ্ধতিও অত্যন্ত সহজ। গ্রাহকদের এর জন্য বাড়তি কোনও ঝামেলা পোহাতে হয় না। তবে যেহেতু হাতে এক সপ্তাহ সময় রয়েছে, তাই তাড়াতাড়ি এই কেওয়াইসি করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সরাসরি লিঙ্ক করে নিতে পারেন। এর জন্য রেশন দোকানে গিয়ে ই-পস মেশিনে আঙ্গুলের ছাপ দিতে হবে, আর কার্ডের সঙ্গে সক্রিয় মোবাইল নম্বর যুক্ত করতে হবে।
আরও পড়ুন: জেলায় জেলায় বৃষ্টিপাত হলেও বাড়বে গরম! আজকের আবহাওয়া
যদি কেওয়াইসি করে নেন, সেক্ষেত্রে আপনার বা আপনার পরিবারের নামে অন্য কেউ রেশন তুলে নিচ্ছে কিনা তা সহজে নিজেই জানতে পারবেন। এমনকি রেশন দোকান থেকে খাদ্যশস্য তোলা হলে আপনার মোবাইলে অটোমেটিক এসএমএস চলে আসবে। আর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় মাসে জনপ্রতি ৫ কেজি বিনামূল্যে চাল-গম পাওয়ার অধিকারও সুরক্ষিত থাকবে। তাই যদি এখনও পর্যন্ত কেওয়াইসি না করে থাকেন, তাহলে আজই নিকটবর্তী রেশন দোকানে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করুন।