সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শেষ হয়েছে (SIR In Bengal)। আর সেই জল্পনার অবসান আজ। শনিবার দুপুরের মধ্যেই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। সেই কারণেই সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তালিকায় নাম থাকবে তো? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা তিনটি ভাগে প্রকাশ করা হবে। আর সেগুলি হল Approved (অনুমোদিত ভোটার), Adjudicated (অমীমাংসিত ভোটার) এবং Deleted (বাতিল ভোটার)। কিন্তু কীভাবে দেখবেন নাম?

কতজনের নাম বাদ পড়তে পারে?

আসলে খসড়া তালিকা প্রকাশের সময় তৈরি হয়েছিল বিতর্ক। প্রাথমিকভাবে মোটামুটি ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে বলে জানা যায়। আর পরবর্তী শুনানি পর্বে আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়েছে। তবে এবার কমিশনের তরফ থেকে ইঙ্গিত মিলেছে, চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষ নাম বাদ পড়তে পারে। আর সব মিলিয়ে বাতিলের সংখ্যা প্রায় ৬৮ লক্ষে দাঁড়াতে পারে। এছাড়াও প্রায় ৭ লক্ষ ভোটের তথ্যের অসংগতি দেখা গিয়েছে। আর তাদের নামের পাশে ‘Adjudicated’ চিহ্ন থাকবে। পরবর্তী সময়ে সম্পূরক তালিকা প্রকাশ করা হলে এই নামগুলি যুক্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

কীভাবে দেখবেন নিজের নাম?

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নিজের নাম অনলাইনে দেখতে পারবেন। সেক্ষেত্রে ভোটারদেরকে EPIC নম্বর বা নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। আর তালিকা পাওয়া যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। https://voters.eci.gov.in এবং https://electoralsearch.eci.gov.in। ওয়েবসাইট দুটি ভিজিট করেই আপনারা সহজেই এই তালিকা দেখে নিতে পারবেন। এছাড়াও বিডিও অফিস, মহকুমা শাসক অফিস বা জেলা শাসকের কার্যালয় প্রিন্টেড তালিকা টাঙানো থাকবে।
আরও পড়ুন: শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, রয়েছে বৃষ্টির সতর্কতাও! আবহাওয়ার আপডেট
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য-রাজনীতিতে চাপানউতর এখন তুঙ্গে। শাসক দল অভিযোগ করছে, প্রযুক্তির অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। আর নির্ধারিত নিয়ম মেনেই যাচাই-বাছাই হয়েছে বলে জানানো হয়েছে। এখন দেখার, তালিকায় ঠিক কতজনের নাম বাদ পড়ে।