সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: দৈনিক লোকাল ট্রেনে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, আগামী ১ মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় রেলের জনপ্রিয় অ্যাপ UTS (UTS Mobile App)। অর্থাৎ, ফেব্রুয়ারি মাসের পর আর এই অ্যাপ থেকে কোনও রকম টিকিট কাটতে পারবেন না, এমনকি মান্থলি টিকিটও নয়। কিন্তু চিন্তার কারণ নেই। এর পরিবর্তে নতুন অল-ইন-ওয়ান অ্যাপ RailOne চালু হচ্ছে যা ধীরে ধীরে সমস্ত পরিষেবা এক প্ল্যাটফর্মেই নিয়ে আসবে। আর এখান থেকে কাটতে পারবেন মান্থলি টিকিট।

কী কী সুবিধা দেবে এই RailOne অ্যাপ?

ভারতীয় রেলের নতুন এই অ্যাপটি শুধুমাত্র টিকিট কাটার জন্য নয়, বরং আরও একাধিক পরিষেবা একসঙ্গে দেবে বলেই খবর। হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে আনরিজার্ভড টিকিট বুকিং থেকে শুরু করে মান্থলি টিকিট কাটার সুবিধা, ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক, অনলাইন খাবার অর্ডার সবকিছুই করতে পারবেন। অর্থাৎ, আলাদা আলাদা কোনও অ্যাপের প্রয়োজন পড়বেন না। এক অ্যাপের মধ্যেই সব সুবিধা মিলবে।

মান্থলি টিকিট কীভাবে কাটবেন?

নতুন এই অ্যাপে মান্থলি টিকিট কাটার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—
  • প্রথমে প্লে স্টোর থেকে নিজের স্মার্টফোনের RailOne অ্যাপটিকে ডাউনলোড করে ইন্সটল করুন।
  • এরপর IRCTC আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আলাদা করে কোনও অ্যাকাউন্ট খোলার দরকার পড়বে না।
  • এরপর হোমপেজে গিয়ে ‘Unreserved’ অপশনটিতে ক্লিক করে ‘Season Ticket’ অপশন বেছে নিন।
  • এরপর নিজের সোর্স স্টেশন থেকে ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করুন।
  • তারপর ‘Proceed to Book’ অপশনটিতে ক্লিক করে পেমেন্ট মোড বেছে অনলাইনে পেমেন্ট করুন। সঙ্গে সঙ্গে আপনার মান্থলি টিকিট বুকিং হয়ে যাবে।
আরও পড়ুন: ডেবিট কার্ডের দিন শেষ, আধার বা UPI দিয়েই তোলা যাবে ATM-র টাকা! জানুন উপায়
তবে হ্যাঁ, অনেক যাত্রীরা UTS অ্যাপে টাকা জমা রেখেছে আর অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রশ্ন করছে, তাহলে এই টাকাগুলো কী হবে? তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের UTS-এ টাকা রয়েছে, তারা একই লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে RailOne অ্যাপে লগইন করলে সেই ব্যালেন্স অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে।