সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন অস্থিরতা আর সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় প্রতিবেশী দেশগুলিও জ্বালানি নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করেছে। আর সেই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেল আমদানির আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ (Bangladesh Import Diesel From India)। ইতিমধ্যেই ভারত থেকে বিগত ১০ মার্চ ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটানোয় ভারতের ঠিক ভূমিকা কতটা? কত পরিমাণ ডিজেল ভারত থাকে তারা আমদানি করে? বলে রাখি, ভারত এবং বাংলাদেশের মধ্যে আগে থেকেই জ্বালানি সরবরাহ চুক্তি রয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী, নুমালিগড় রিফাইনারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের সম্পর্কে যা টানাপড়েন লাগে, তাতে কিছু সময় সেই সরবরাহ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আর বর্তমানে আবারও পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, বাংলাদেশ এখন নতুন সরকার ক্ষমতায় বসেছে।
অতিরিক্ত ডিজেল চাইছে বাংলাদেশ
এদিকে জ্বালানি বাজারে অনিশ্চয়তার মধ্যে ঢাকা ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেল চাইছে। আগামী চার মাসে আরও ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। আর সেই অনুরোধটি ভারতের কাছে তুলে ধরেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেই বিষয়টি জানিয়েছেন। কিন্তু ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে, নিজস্ব মজুদ পরিস্থিতি বজায় রেখেই অতিরিক্ত সরবরাহের চিন্তা করা হবে। এদিকে জানিয়ে রাখি, বাংলাদেশের জ্বালানি আমদানির পরিসংখ্যান বলছে যে, একসময় ভারতের উপর তাদের নির্ভরতা খুবই কম ছিল। কারণ, ২০০৬-০৭ অর্থবর্ষে বাংলাদেশের আমদানি করা ডিজেলের প্রায় ৯১% কুয়েত থেকে এসেছিল। আর একটা সময় ভারতের অংশ ছিল মাত্র ৯ শতাংশ। কিন্তু প্রায় এক দশক পর অর্থাৎ ২০১৬ সালে পরিস্থিতি অনেকটাই বদলায়। তখন ৫৫% ডিজেল নিয়ে আসে তারা সিঙ্গাপুর থেকে, কুয়েত থেকে আসে ১৮% আর ভারত থেকে মাত্র ১% নেয় তারা। এমনকি আরও ৫% ডিজেল নেয় চিন থেকে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে রেলের ১০ বছরের পুরনো PPP নীতি! কী সুবিধা পাবে যাত্রীরা?
এদিকে গত কয়েক বছরে ভারত থেকে ডিজেল আমদানি ধীরে ধীরে বাড়িয়েছে পড়শি দেশ। কারণ, ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে তারা ২.৭৭ লক্ষ টন অর্থাৎ আনুমানিক ৮.১% ডিজেল নিয়ে আসে। এরপর ২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ১২.২ লক্ষ টন, ২০২৩-২৪ অর্থবর্ষে ৫.৫১ লক্ষ টন এবং ২০২৪-২৫ অর্থবর্ষে ৪.৪৮ লক্ষ টন ডিজেল আমদানি করে ভারত থেকে। আর চলতি অর্থবর্ষের প্রথম ৮ মাসে ভারত থেকে ৩.৩৩ লক্ষ টন ডিজেল আমদানি করা সম্পন্ন হয়েছে দেশটির, যা মোট আমদানির প্রায় ১৪.৩%।