সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হল (SIR in Bengal)। ধাপে ধাপে জেলাভিত্তিক তথ্য সামনে আসতেই এবার রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা। কোন জেলায় কত নাম বাদ গেল? নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ছিল এবার ৭ কোটি ৬৬ লক্ষ। আর খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল ৫৮ লক্ষ। তবে চূড়ান্ত পর্যায়ে মোট ৭০ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম রয়েছে।
কোন জেলায় কত নাম বাদ গিয়েছে?
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় এবার বেশ ভালো পরিমাণ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। রিপোর্ট বলছে, বাঁকুড়া জেলায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। আলিপুরদুয়ারে বাদ পড়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম। ঝাড়গ্রামে ৫৪ হাজার ৩০ জন, নদীয়ায় মোট ২ লক্ষ ৭১ হাজার নাম বাদ পড়েছে। আর দার্জিলিং-এ বাদ পড়ে ২৩ হাজার ১৭৯ জন। এছাড়া উত্তর কলকাতায় বাদ পড়েছে ৪ লক্ষ ৭ হাজার জনের নাম। এদিকে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১৭ হাজার নাম বাদ পড়েছে। কিন্তু ১ লক্ষ নাম এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় বাদ পড়েছে ৫০ হাজার ভোটারের নাম। পশ্চিম মেদিনীপুরে বাদ পড়েছে ১৮ হাজারের নাম, আর পশ্চিম বর্ধমান বাদ পড়েছে ১৮ হাজার ভোটারের নাম। সব মিলিয়ে রাজ্যজুড়ে মোট ৭ লক্ষ ভোটারের নাম ডিলিটেড ক্যাটাগরিতে রয়েছে বলেই সূত্র মারফৎ খবর।
আরও পড়ুন: মাধ্যমিক পাসেই মিলবে ১০,০০০ টাকা স্টাইপেন্ড! আবেদন করেছেন নবান্ন স্কলাশিপে?
কলকাতার চিত্র
আগেই বলেছি, উত্তর কলকাতায় প্রায় ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তবে দক্ষিণ কলকাতা এলাকায় চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে মোট ৩ হাজার ২০৭ জনের নাম। যদিও খসড়া তালিকায় এখানে ২ লক্ষ ১৬ হাজারের নাম বাদ পড়েছিল। এদিকে ভবানীপুর এলাকায় খসড়া তালিকায় ৪৪ হাজার ৭৮৭ জনের নাম বাদ পড়েছিল। পরে নতুন করে আরও যুক্ত হয় ২ হাজার ৩২৪ জন। সব মিলিয়ে মোট ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায়। এখনও ১৪ হাজার ১৫৪ জনের নাম অমীমাংসিত অবস্থাতেই রয়েছে। আর এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে যে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।